শনিবার ২১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 21, 2026
November 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

দুই দিনের বৃষ্টিতে কাটা ধান নিয়ে বিপাকে কৃষকরা

Published: November 21, 2026 at 01:13 PM
দুই দিনের বৃষ্টিতে কাটা ধান  নিয়ে বিপাকে কৃষকরা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁপাইনবাবগঞ্জে শনিবারও সারাদিন হালকা ও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। অসময়ের এই বৃষ্টিতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। জরুরি কাজ ছাড়া মানুষজন বাইরে বের হননি। 

জেলা শহরে দেখা গেছে, স্বাভাবিক দিনের তুলনায় শনিবার রাস্তায় যানবাহন কম। লোকজনও কম। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। অনেকই ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে রাস্তায় বের হতে পারেননি। যারা বেরিয়েছেন, তারা বৃষ্টির সুযোগে ভাড়া বেশি দাবি করেছেন। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শিক্ষার্থীরা ঘরের বাইরে বের হননি।

অন্যদিকে জেলাশহরের দোকানপাটগুলো খোলা হলেও বৃষ্টির কারণে ক্রেতাশূন্য দেখা গেছে। ফুটপাতের দোকানগুলোর বেশিরভাগই বন্ধ থাকতে দেখা গেছে। দুয়েকটি খোলা থাকলেও ক্রেতা একারেই কম ছিল। 

এদিকে কাটা ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। তারা জানিয়েছেন, যেসব জমির ধান কেটে শুকানোর জন্য জমিতেই রাখা হয়েছিল, সেই সব জমির ধান বৃষ্টিতে ভিজে যাওয়ায় বড় ক্ষতি হবে। ওইসব ধান শুকানোর পর আঁটি বেঁধে তোলার সময় ঝরে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টির কারণে শুক্রবার থেকে ধান কাটা-মাড়াই বন্ধ রাখা হয়েছে। এতে অলস দিন কাটাচ্ছেন ধান কাটা শ্রমিকরা।

তবে ধানের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আতিকুল ইসলাম। তিনি বলেন— বৃষ্টির কারণে ধান কাটায় ছেদ পড়লেও ধানের কোনো ক্ষতি হবে না। আবহাওয়া ঠিক হলেই কৃষকরা আবার ধান কাটা-মাড়াই শুরু করতে পারবেন। 

তিনি আরো জানান, শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত জেলায় গড় বৃষ্টি হয়েছে ২১.০ মিলিমিটার। এর মধ্যে সদর উপজেলায় ৮ মিলিমিটার, শিবগঞ্জ উপজেলায় ৬০ মিলিমিটার, গোমস্তাপুর উপজেলায় ২০ মিলিমিটার, নাচোল উপজেলায় ১১ মিলিমিটার ও ভোলাহাট উপজেলায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 

অন্যদিকে বৃষ্টির স্বচ্ছ পানি জমে এডিস মশা বৃদ্ধির শঙ্কাও রয়েছে। কেননা, ডেঙ্গুর হটস্পট হয়ে উঠেছে জেলাশহর চাঁপাইনবাবগঞ্জ। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার বলেন— “বৃষ্টি আছে তো ডেঙ্গু আছে, বৃষ্টি নেই তো ডেঙ্গু সেই।” 

কাজেই নতুন করে এই বৃষ্টিপাত এডিস মশার বংশবৃদ্ধির শঙ্কা তৈরি করেছে। বিশেষ করে ডেঙ্গুপ্রবণ এলাকাগুলোতে বাসিন্দাদের ফেলে রাখা বিভিন্ন ধরনের পাত্রে বৃষ্টির স্বচ্ছ পানি জমা হেচ্ছ এবং সেই পানিতে এডিস মশা অনায়াসেই ডিম ছেড়ে তার বংশবৃদ্ধি করতে পারে। ফলে কমে থাকা ডেঙ্গুর প্রাদুর্ভাব আবারো বৃদ্ধি পেতে পারে। তাই বাড়ির ভেতর বাইরে পানি জমতে পারে এমন পাত্র দ্রুত অপসারণ করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন।