মা ও মাতৃভুমির প্রতি ভালোবাসা, মমতা ও শেকড়ের অনুভুতিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন বাংলাদেশের প্রতিযোগী সামিরা খান মাহি। ৭৫তম মিস ইউনিভার্সের ন্যাশনাল কস্টিউম পর্বে শাড়ি পরে হাজির হয়ে মাতৃত্বের সার্বজনীন বার্তা তুলে ধরেন তিনি।
মাহির পোশাকটির নাম ‘মাদারহুড - আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’। এর ভাবনায় রয়েছে মাতৃত্ব এমন এক ভালোবাসার বন্ধন, যা পৃথিবীর সব মানুষের অনুভুতিকে এক সুতোয় বাঁধে। বাংলাদেশের মাটি ও সংস্কৃতির অনুপ্রেরণায় তৈরি পোশাকটিতে মা ও সন্তানের সম্পর্কের পাশাপাশি মাতৃভুমির প্রতি মানুষের ভালোবাসাও প্রকাশ পেয়েছে।
পোশাকটির ভাবনা সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেছেন মাহি। তার ভাষায়, পৃথিবীতে আসার আগেই যে ভালোবাসা মানুষকে নিরাপদে আগলে রাখে, সেটিই মায়ের ভালোবাসা। আর যে মাটিতে মানুষ বড় হয়, নিজের শেকড় ও পরিচয় খুঁজে পায়, সেই ভুমিই মাতৃভুমি। এই পোশাকের মাধ্যমে তিনি পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানাতে চেয়েছেন।
পোশাকের নকশায় জন্মের বিস্ময়, মায়ের মমতা, নীরব ত্যাগ এবং সন্তানকে সারাজীবন আগলে রাখার প্রতিশ্রুতির মতো অনুভুতিগুলো প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মাহির মতে, মাতৃত্বের অনুভুতি কোনো দেশ কিংবা সংস্কৃতির সীমানায় আটকে নেই। পৃথিবীর সব মানুষের কাছে এই ভালোবাসার অর্থ সমানভাবে গভীর।
ঐতিহ্য ও প্রতীকী উপস্থাপনার সমন্বয় ছিল মাহির সাজেও। সাদা-লাল শাড়ির সঙ্গে লাল অলংকরণে তাকে দেখা গেছে। পোশাকের পেছনে বৃত্তাকার কাঠামোয় বিভিন্ন ভাস্কর্যধর্মী অবয়ব ছিল, যা মাতৃত্বের ভাবনাকে দৃশ্যমান করে তুলেছে।
আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ৭৫তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। ওই দিন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্যে কে এবারের মুকুট জয় করবেন, তা জানা যাবে।