প্রথমার্ধে এগিয়ে থেকেও ম্যাচ জেতা হলো না আর্সেনালের। বিরতির পর দুই গোল হজম করে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত সমতায় ফিরেছে দলটি। ননি মাদুয়েকের গোলে নিউক্যাসল ইউনাইটেডের মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে ফিরেছে মিকেল আর্তেতার দল।
গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসল ও আর্সেনাল ২-২ গোলে ড্র করেছে। প্রথমার্ধে এবেরেচি এজের গোলে এগিয়ে যায় আর্সেনাল। বিরতির পর হার্ভি বার্নস ও মালিক চাওয়ের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নিউক্যাসল। তবে ৭৮ মিনিটে মাদুয়েকের গোল ম্যাচে সমতা ফিরিয়ে আনে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্সেনাল। ষষ্ঠ মিনিটে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে মাদুয়েকের শট গোলরক্ষককে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে। প্রথমার্ধে বল দখলে প্রায় ৬০ শতাংশ আধিপত্য রাখে সফরকারীরা।
৩৩তম মিনিটে প্রথম লক্ষ্যে রাখা শট থেকেই গোল পায় আর্সেনাল। নিজেদের সীমানা থেকে দ্রুত পাসে আক্রমণে উঠে ডি-বক্সে কাই হাভার্টজের থ্রু বল পেয়ে জোরাল শটে গোল করেন এজে। চলতি প্রিমিয়ার লিগে ইংলিশ এই অ্যাটাকিং মিডফিল্ডারের প্রথম গোল এটি।
প্রথমার্ধের শেষ দিকে আবার সুযোগ তৈরি করেন মাদুয়েকে। ডি-বক্সে ঢুকে গোলরক্ষকের সামনে শট নিলেও তা সরাসরি তার হাতে যায়।
বিরতির পর ম্যাচের চিত্র পাল্টে যায়। ৪৯তম মিনিটে নিজেদের সীমানায় থ্রো-ইন থেকে বল হারিয়ে বিপদে পড়ে আর্সেনাল। অধিনায়ক মার্টিন ওদেগোরের ভুলের সুযোগ নিয়ে বল দখলে পান উইলিয়াম ওসুলা। তার পাস থেকে নিচু শটে গোল করেন বার্নস।
সমতা ফিরে পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে নিউক্যাসল। ৬২তম মিনিটে কর্নার থেকে গোলমুখে বল পৌঁছালে গোলরক্ষক দাভিদ রাইয়া ও অন্য খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষে বল প্রতিহত হয়। পরে গোললাইন থেকে বল জালে পাঠান জার্মান ডিফেন্ডার মালিক চাও। এতে এগিয়ে যায় স্বাগতিকরা।
পিছিয়ে পড়ে আর্সেনাল কিছুটা চাপে পড়ে যায়। নিউক্যাসলও একের পর এক আক্রমণ করে ব্যবধান বাড়ানোর চেষ্টা করে। ৭০ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন রাইয়া। তার জায়গায় নামেন কেপা আরিজাবালাগা।
তবে ৭৮তম মিনিটে সমতা ফিরিয়ে আনে আর্সেনাল। ওদেগোরের পাস ধরে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে জায়গা তৈরি করেন মাদুয়েকে। এরপর জোরাল শটে গোল করেন ২৪ বছর বয়সী উইঙ্গার।
নির্ধারিত সময়ের পর নয় মিনিট যোগ করা হলেও আর গোল হয়নি। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে আর্সেনাল। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে নিউক্যাসল।