চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য সেবাগ্রহীতাদের প্রধান আলোর বাতিঘর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল। দীর্ঘদিন ধরে এই হাসপাতালটি জনবল সংকটে জর্জরিত। ৭৩ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ৩৪ জন। সিভিল সার্জন অফিস থেকে মাঝে মধ্যে চিকিৎসক ধার করে কোনো রকমে কিচিৎসা সেবা দেয়া হচ্ছে।
জেলা হাসপাতালে চক্ষু বিভাগে আধুনিকমানের যন্ত্রপাতি থাকলেও চিকিৎসক না থাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিভাগটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। অলস পড়ে থেকে যন্ত্রপাতিগুলো অকেজো হয়ে পড়ছে। এই বিভাগে মঞ্জুরিকৃত পদ থাকলেও নেই কোনো চিকিৎসক।
আরেকটি বিভাগ হচ্ছে সার্জারি বিভাগ। এই বিভাগেও বিশেষজ্ঞ চিকিৎসক নেই। ফলে চরমভাবে ব্যাহত হচ্ছে সার্জারি কার্যক্রম।
মঙ্গলবার জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তারের সঙ্গে কথা বলে এসব তথা জানা গেছে।
হাসপাতাল ঘুরে দেখা গেছে, শিশুদের জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, হাম, জন্ডিস, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্তের ভর্তি রয়েছে। এছাড়া প্রাপ্তবয়স্করাও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। ডায়রিয়া আক্রান্ত রোগীদের অনেকের ঠাঁই হয়েছে মেঝেতে। দেখা যায়, অসুস্থ শিশুদের নিয়ে কারো মা তো কারো বাবা পাশে শুয়ে বসে আছেন।
জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার বলেন, প্রতিদিন গড়ে ৬ শতাধিক সব ধরনের রোগী জেলা হাসপাতালে ভর্তি থাকেন। তাদের সঙ্গে একজন করে ধরলেও প্রায় ১২শ মানুষ প্রতিদিন এই হাসপাতালে থাকছেন। এতো মানুষকে সেবা দেয়া খুবই কষ্টসাধ্য। তবু চেষ্টা করে যাচ্ছি। তিনি বলেন— চক্ষু ও সার্জারি বিভাগে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক এই মুহূর্তে নেই। তিনি বলেন— ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে আসছে। তবে শীত আসছে। শীতে বিশেষ করে শিশু ও বয়স্করা ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয় বেশি।