বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 12, 2026
November 12, 2026
বিনোদন
বিনোদন

অপূর্ব-নীহার ‘দূরের মানুষ’ আসছে ৩ ডিসেম্বর

Published: November 12, 2026 at 11:19 AM
অপূর্ব-নীহার ‘দূরের মানুষ’ আসছে ৩ ডিসেম্বর

এফএনএস বিনোদন: ছোট পর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহাকে আবারও একসঙ্গে দেখা যাবে নতুন নাটকে। নির্মাতা জাকারিয়া সৌখিনের পরিচালনায় তাঁদের এবারের নাটকের নাম ‘দূরের মানুষ’। আগামী ৩ ডিসেম্বর ক্যাপিট্যাল ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ পাবে।

এর আগে জাকারিয়া সৌখিনের পরিচালনায় একাধিক নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও নীহা। গত মাসে এই নির্মাতার পরিচালনায় তাঁদের ‘ভালো আছো তো’ নাটকটি মুক্তি পায়। এবার নতুন গল্প নিয়ে ফিরছেন তাঁরা।

ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে ‘দূরের মানুষ’ নাটকের একাধিক পোস্টার। একটি পোস্টারের ক্যাপশনে অপূর্ব লিখেছেন, ‘কিছু মানুষ জীবনে আসে, অথচ কখনোই আপন হয়ে ওঠে না। কিন্তু থেকে যায় মনের খুব কাছাকাছি, এক অদ্ভুত দূরত্বে।’ এই কথায় নাটকের গল্পে সম্পর্কের অপূর্ণতা ও দূরত্বের বিষয়টি উঠে আসার ইঙ্গিত পাওয়া যায়।

নতুন নাটকটি নিয়ে আশাবাদী অপূর্ব। তিনি বলেন, জাকারিয়া সৌখিনের অনেক নাটকে অভিনয় করেছেন তিনি। সেগুলোর বেশির ভাগই দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছে। শৌখিন নিজের গল্প নিজেই লেখেন বলে নিজের ভাবনা অনুযায়ী নাটক নির্মাণ করতে পারেন। এবারও দর্শকের ভালো লাগবে বলে আশা করছেন তিনি।

অপূর্ব আরও বলেন, দীর্ঘ অভিনয়জীবনে তাঁর বিপরীতে অনেক গুণী অভিনেত্রী অভিনয় করেছেন। তারিন, রিচি, বিন্দু, মম, তিশা ও মেহজাবীনের সঙ্গে তাঁর জুটি দর্শক গ্রহণ করেছেন। এই সময়ে তটিনী ও নীহার সঙ্গে তাঁকে দেখতে দর্শকের আগ্রহ রয়েছে। ‘দূরের মানুষ’ নাটকে নীহার সঙ্গে অভিনয় করছেন তিনি। অপূর্বর মতে, নীহা আগের চেয়ে অভিনয়ে অনেক উন্নতি করেছেন এবং সামনে আরও ভালো করবেন।

অপূর্বর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন নীহা। তিনি বলেন, অপূর্ব অত্যন্ত গুণী একজন অভিনেতা। শুটিংয়ের সময় কোনো বিষয়ে দ্বিধা তৈরি হলে তাঁর কাছে সহজেই জানতে পারেন। এতে নিজের অভিনয় আরও প্রাণবন্ত করতে সুবিধা হয়।

‘দূরের মানুষ’ নিয়ে নিজের আশাবাদের কথাও জানিয়েছেন নীহা। তাঁর প্রত্যাশা, নাটকটি দর্শকের মনে জায়গা করে নেবে।

এদিকে নাটকের কাজের পাশাপাশি দেশের বাইরেও ব্যস্ত সময় পার করছেন অপূর্ব। ডিসেম্বরের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে একটি গানের সন্ধ্যায় সংগীত পরিবেশন করার কথা রয়েছে তাঁর।