বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 12, 2026
November 12, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বরেন্দ্র অঞ্চলে গ্রীষ্মকালীন টমেটো চাষে সাফল্য

Published: November 12, 2026 at 01:26 PM
বরেন্দ্র অঞ্চলে গ্রীষ্মকালীন  টমেটো চাষে সাফল্য

চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘকাল ধরে শীতকালীন টমেটো চাষাবাদ হয়ে আসছে। কিন্তু হালে কৃষির বৈপ্লবিক পরিবর্তনে এবং বিজ্ঞানীদের নব নব উদ্ভাবনে এটি এখন গ্রীষ্মকালেও চাষাবাদ হচ্ছে। মে থেকে জুলাই মাসে লাগানো জাতের টমেটো শীতের আগ পর্যন্ত সময়েও বাজারে পাওয়া যাচ্ছে। ভারত থেকে গ্রীষ্মকালীন টমেটো আমদানি হলেও বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বারির সরেজমিন গবেষণা বিভাগের সহায়তায় দেশজুড়ে বারি উদ্ভাবিত গ্রীষ্মকালীন হাইব্রিড জাতের টমেটো কৃষক পর্যায়ে বিস্তার ঘটছে চোখে পড়ার মতো। চাঁপাইনবাবগঞ্জেও কয়েকজন কৃষকের টমেটো কৃষকের সফলতার গল্পও শোনা যাচ্ছে। 

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জুনিয়র মনিটরিং অ্যান্ড রিপোর্টিং স্পেশালিস্ট (এসএসিপি-রেইনস প্রকল্প) মো. জহুরুল ইসলাম জানান, এবার চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বিলবৈল্ঠা, বড়পুকুরিয়াসহ কয়েকটি এলাকায় প্রায় ১০০ বিঘা জমিতে ৮০ জন কৃষক গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছেন। জাতের মধ্যে মিন্টু ও তানিসা সুপার উল্লেখযোগ্য। ফলনও ভালো হচ্ছে। স্থানীয়ভাবে চাষ হওয়ায় বাইরে থেকে আনতে হচ্ছে না বললেই চলে। 

টমেটো চাষি আতিক উদ্দিন জানান, তিনি এবার ৩৬ শতক জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছেন। খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। এখন পর্যন্ত ৫২ হাজার টাকার বিক্রি হয়েছে। আশা প্রকাশ করে তিনি বলেন— ভারতীয় টমেটো না এলে টমেটো বিক্রি করে তার ২ লাখ টাকা লাভ হবে।  

উল্লেখ্য, গত ৫ নভেম্বর সরকারের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ঝিলিম ইউনিয়নের হোসেনডাইং এলাকায় কৃষক আতিক উদ্দিনের টমেটো ক্ষেত পরিদর্শন করেন এবং কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।