চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমা-বাড়ার মধ্যে রয়েছে। একদিন কমলে, পরদিন বাড়ে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৮ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে, ৬ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৪ জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২ জনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৪ জনকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হওয়া ২০ জন সাধারণ রোগীকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ২ জন পুরুষ রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফলে বতর্মানে সরকারি হাসপাতালগুলোয় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৫৭ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন রোগী ভর্তি রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ৩ হাজার ৩২২ জন, শিবগঞ্জে ২৩০ জন, গোমস্তাপুরে ২৩২ জন, নাচোলে ১২১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫২ জনসহ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৫৭ জন ভর্তি হন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ৫২৩ জন সাধারণ ডেঙ্গু রোগী। জেলা হাসপাতাল থেকে একই সময়ে ২৩৩ জন ডেঙ্গু রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।