বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 12, 2026
November 12, 2026
বিনোদন
বিনোদন

আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম

Published: November 12, 2026 at 11:18 AM
আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম

এফএনএস বিনোদন: বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘ অভিনয়জীবন ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বশির আহমেদ সম্মাননা-২০২৬’-এর আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম। আগামী ১৮ নভেম্বর সংগীতশিল্পী প্রয়াত বশির আহমেদের জন্মদিন উপলক্ষ্যে ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বসবে এই সম্মাননা আসর। তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় অনুষ্ঠানে শবনম উপস্থিত থাকতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাঁর অংশ নেওয়ার প্রবল ইচ্ছা আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিকেল ৪টায় সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুরু হবে অনুষ্ঠান। শবনমকে আজীবন সম্মাননা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বশির আহমেদের দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশির। অভিনেত্রী নিজেও সম্মাননা পাওয়ার খবর নিশ্চিত করেছেন।

শবনম জানান, বশির আহমেদের সন্তানরা বেশ কিছুদিন আগেই তাঁর সঙ্গে যোগাযোগ করে সম্মাননার বিষয়টি জানিয়েছিলেন। শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে যেতে পারবেন কি না, তা নিয়ে সংশয় থাকলেও সেখানে উপস্থিত হওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।

সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে শবনম বলেন, ‘আমার অভিনীত বেশ কয়েকটি সিনেমায় বশির আহমেদ গান গেয়েছেন, যেগুলো জনপ্রিয়তাও পেয়েছিল। পাকিস্তান ও বাংলাদেশে তাঁর সঙ্গে একাধিকবার দেখা হয়েছে। তাঁর নামে প্রবর্তিত পুরস্কার পেতে যাচ্ছি ভেবে ভালো লাগছে।’

বশির আহমেদের স্মৃতি ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ২০১৯ সালে এই সম্মাননা চালু হয়। তাঁর দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে এবং ‘সারগাম সাউন্ড সিস্টেম’-এর আয়োজনে প্রথমবারের মতো সম্মাননা দেওয়া শুরু হয়। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা চার বছর আয়োজনটি অনুষ্ঠিত হয়। এরপর তিন বছরের বিরতি। বিরতি শেষে এবার আবারও ফিরছে ‘বশির আহমেদ সম্মাননা’।

শবনমকে আজীবন সম্মাননা দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন হোমায়রা বশির ও রাজা বশির। তাঁদের ভাষায়, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে শবনমের অবদান অনস্বীকার্য। তাঁদের বাবা বশির আহমেদকে ছাড়া যেমন বাংলাদেশের সংগীতের ইতিহাস পূর্ণ হয় না, তেমনি শবনমকে বাদ দিয়েও দেশের চলচ্চিত্রের ইতিহাস লেখা সম্ভব নয়। অভিনেত্রীর হাতে বাবার নামে প্রবর্তিত সম্মাননা তুলে দিতে পেরে তাঁরা গর্বিত ও আনন্দিত। আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।

১৯৪৬ সালের ১৭ আগস্ট ঢাকার নবাবপুরে জন্মগ্রহণ করেন শবনম। তাঁর প্রকৃত নাম ঝরনা বসাক। মাত্র ১৫ বছর বয়সে ‘হারানো দিন’ সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি। পরের বছর ‘চান্দা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে পাকিস্তানের চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেন। বাংলাদেশ ও পাকিস্তানের চলচ্চিত্র মিলিয়ে ১৮০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

শবনমের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘হারানো দিন’, ‘কখনোই আসেনি’, ‘রাজধানীর বুকে’, ‘নাচের পুতুল’, ‘তালাশ’ ও ‘আয়না’। ১৯৯৯ সালে কাজি হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে নতুন করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

ব্যক্তিজীবনে প্রখ্যাত সংগীত পরিচালক রবিন ঘোষকে বিয়ে করেছিলেন শবনম। ২০১৬ সালে রবিন ঘোষের মৃত্যুর মধ্য দিয়ে তাঁদের দীর্ঘ দাম্পত্যজীবনের অবসান ঘটে।

এদিকে বশির আহমেদের গাওয়া বহু গান এখনও শ্রোতাদের কাছে জনপ্রিয়। তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘অনেক সাধের ময়না আমার’, ‘আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো’, ‘ডেকো না আমারে তুমি’, ‘ওগো প্রিয়তমা’, ‘খুঁজে খুঁজে জনম গেল’, ‘যারে যাবি যদি যা’ ও ‘সজনীগো ভালোবেসে এত জ্বালা কেন বলো না’। তাঁর স্মৃতি ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে সংগীতকর্ম পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সম্মাননার আয়োজন করা হয়।