দক্ষিণ ভারতীয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ও সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাব্য মারান বিয়ে করেছেন। গত বুধবার গ্রিসে পারিবারিক সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। দুই দিনব্যাপী আয়োজনের শেষ দিনে বিয়ের ছবি প্রকাশ করেন অনিরুদ্ধ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রজনীকান্ত ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। বিয়ের পর আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে তাঁদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে রাজনীতি, চলচ্চিত্র, সংগীত ও ক্রিকেট অঙ্গনের অনেক তারকার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে অনিরুদ্ধ লিখেছেন, ‘আমার জীবনে একবারই আসা, আর সারা জীবনের জন্য। ১১.১১।’ ছবিতে অনিরুদ্ধকে দেখা গেছে সাদা-হালকা ক্রিম রঙের ঐতিহ্যবাহী পোশাকে। তাঁর পরনে ছিল কুর্তা, ভেস্তি ও নকশা করা লম্বা জ্যাকেট। অন্যদিকে কাব্য পরেছিলেন হালকা গোলাপি রঙের নকশা করা লেহেঙ্গা। গয়না ও সাজেও ছিল আভিজাত্যের ছাপ।
১০ ও ১১ নভেম্বর গ্রিসে বিয়ের আনুষ্ঠানিকতা ঘিরে দুই দিনব্যাপী আয়োজন করা হয়। এতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা অংশ নেন। বিয়েতে রজনীকান্ত ও এম কে স্ট্যালিনের উপস্থিতি আয়োজনটিকে আরও আলোচনায় নিয়ে এসেছে। এর আগে তাঁদের গ্রিসে যাওয়ার খবরও সামনে এসেছিল।
আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে অনিরুদ্ধ-কাব্যের বিবাহোত্তর সংবর্ধনা। এ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রার মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হতে পারে বলে আলোচনা রয়েছে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও অতিথি হিসেবে দেখা যেতে পারে। তবে তাঁদের উপস্থিতি এখনও নিশ্চিত নয়।
বিনোদন জগতের সম্ভাব্য অতিথিদের তালিকায় রয়েছেন রজনীকান্ত, এ আর রহমান, কমল হাসান, ধানুশ, অজিত কুমার, আল্লু অর্জুন, শিবকার্তিকেয়নসহ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের একাধিক তারকা। পরিচালক নেলসন দিলীপকুমার, অভিনেত্রী আন্দ্রেয়া জেরেমিয়া, অভিনেতা প্রসন্ন ও সুরাজ ভেঞ্জারামুডির নামও আলোচনায় রয়েছে। ক্রিকেটারদের মধ্যে অভিষেক শর্মা ও ঈশান কিষাণের উপস্থিতির সম্ভাবনার কথাও বলা হচ্ছে। তবে সংবর্ধনার অতিথিদের পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
কাব্য ভারতের প্রভাবশালী ব্যবসায়ী কালানিধি মারান ও কাবেরী মারানের মেয়ে। তাঁর বাবা কালানিধি মারানের সম্পদের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকা বলে বিভিন্ন সম্পদ-তালিকায় উল্লেখ করা হয়েছে। সেই হিসাবে কাব্যকে বিপুল সম্পদের উত্তরাধিকারী হিসেবে দেখা হচ্ছে। তিনি সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক এবং আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও।
যুক্তরাজ্যের ওয়ারউইক বিজনেস স্কুল থেকে এমবিএ করেছেন কাব্য। ২০১৯ সালে সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক হিসেবে যুক্ত হন তিনি। পরে সানরাইজার্স হায়দরাবাদের ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শুরু করেন। আইপিএলের ম্যাচে দলকে সমর্থন জানাতে গ্যালারিতে তাঁর উপস্থিতি এবং খেলার উত্তেজনায় স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া প্রায়ই আলোচনায় আসে।
অন্যদিকে অনিরুদ্ধ রবিচন্দরের পরিচিতি ছড়িয়ে পড়ে ২০১২ সালে ধানুশ অভিনীত ‘থ্রি’ সিনেমার ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গানের মাধ্যমে। এরপর দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে একের পর এক জনপ্রিয় গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি। রজনীকান্ত অভিনীত ‘পেট্টা’, ‘দরবার’, ‘জেলার’ ও ‘ভেট্টাইয়ান’; বিজয়ের ‘কাথথি’, ‘মাস্টার’ ও ‘বিস্ট’ এবং অজিত কুমারের ‘ভালিমাই’ সিনেমায় কাজ করেছেন তিনি। ২০২৩ সালে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমার সংগীত পরিচালনার মধ্য দিয়ে বলিউডেও অভিষেক হয় তাঁর। সম্প্রতি ‘জেলার ২’ নিয়েও আলোচনায় রয়েছেন এই সংগীত পরিচালক।
অনিরুদ্ধের সঙ্গে কাব্যের সম্পর্ক নিয়ে ২০২৫ সাল থেকেই গুঞ্জন চলছিল। সে সময় বিয়ের খবর ছড়িয়ে পড়লে অনিরুদ্ধ তা অস্বীকার করেছিলেন। তবে ২০২৬ সালের জুনে অনিরুদ্ধের চাচা ও অভিনেতা ওয়াই জি মহেন্দ্র এক সাক্ষাৎকারে তাঁর বিয়ের প্রস্তুতির কথা জানান। তিনি অনিরুদ্ধের বিয়ের জন্য শুভকামনাও জানিয়েছিলেন। এরপর থেকেই তাঁদের বিয়ে নিয়ে আলোচনা আরও জোরালো হয়।
অনিরুদ্ধের সঙ্গে রজনীকান্তের পারিবারিক সম্পর্কও রয়েছে। অনিরুদ্ধের মা লক্ষ্মী রবিচন্দর রজনীকান্তের স্ত্রী লতার বোন। ফলে বিয়েতে রজনীকান্তের উপস্থিতি দুই পরিবারের ঘনিষ্ঠতারই প্রতিফলন।