বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 12, 2026
November 12, 2026
বিনোদন
বিনোদন

খুনের রহস্যে জয়া-শ্রাবন্তী, প্রথমবার একসঙ্গে বড় পর্দায়

Published: November 12, 2026 at 11:18 AM
খুনের রহস্যে জয়া-শ্রাবন্তী, প্রথমবার একসঙ্গে বড় পর্দায়

এফএনএস বিনোদন: সম্পর্কের গল্পের বাইরে এবার খুনের রহস্য নিয়ে হাজির হচ্ছেন টালিউড নির্মাতা অর্জুন দত্ত। তাঁর নতুন সিনেমা ‘আরএসভিপি মার্ডার’-এ প্রথমবারের মতো একই পর্দায় দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। পাহাড়ি পরিবেশে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘটে যাওয়া রহস্যময় হত্যাকাণ্ড, বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা স্বার্থ এবং পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন নিয়ে এগোবে সিনেমার গল্প।

সিনেমাটির কাহিনির শুরু একটি আনন্দ আয়োজন থেকে। পাহাড়ি পরিবেশে চলা সেই অনুষ্ঠানের মধ্যে হঠাৎ একটি অস্বস্তিকর বার্তা এসে বদলে দেবে সবকিছু। এরপর সামনে আসতে থাকবে একের পর এক রহস্য। একাধিক চরিত্রের মধ্যে কে খুনি, কেনই বা ঘটেছে হত্যাকাণ্ড, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এগোবে গল্প। প্রতিশোধ, বিশ্বাসভঙ্গ, বন্ধুত্বের জটিলতা এবং সম্পর্কের জমে থাকা ক্ষোভও এতে গুরুত্ব পাবে।

সম্পর্কের নানা দিক নিয়ে সিনেমা নির্মাণ করে পরিচিতি পেয়েছেন অর্জুন দত্ত। তাঁর পরিচালিত ‘অব্যক্ত’, ‘শ্রীমতী’, ‘বিবি পায়রা’ ও ‘ডিপ ফ্রিজ’ দর্শকের নজর কেড়েছে। ‘ডিপ ফ্রিজ’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। আগের কাজগুলোতে সম্পর্কের নানা সমীকরণ উঠে এলেও এবার প্রথমবারের মতো থ্রিলারধর্মী গল্প নিয়ে কাজ করছেন এই নির্মাতা।

নতুন সিনেমা প্রসঙ্গে অর্জুন দত্ত বলেন, তাঁর প্রতিটি সিনেমায় সম্পর্কের বিভিন্ন দিক উঠে এলেও গল্পের ধরন একেকবার একেক রকম। পরিচালক হিসেবে নানা ঘরানার গল্প নিয়ে কাজ করতে চান তিনি। থ্রিলার নির্মাণের ইচ্ছা অনেক দিনের। এবার সেই সুযোগ পেয়েছেন।

সিনেমায় নিজের চরিত্র নিয়ে আগ্রহের কথা জানিয়েছেন জয়া আহসানও। তাঁর ভাষায়, ‘আরএসভিপি মার্ডার’ একটি মার্ডার মিস্ট্রি ঘরানার সিনেমা। এতে অনেক গুণী অভিনয়শিল্পী যুক্ত হয়েছেন। নিজের চরিত্রটিও বেশ আগ্রহ জাগানোর মতো। দর্শক তাঁকে নতুনভাবে আবিষ্কার করবেন বলে আশা করছেন তিনি। তবে সিনেমাটি মুক্তির আগে চরিত্র সম্পর্কে বিস্তারিত জানাতে চান না এই অভিনেত্রী।

পরিচালক অর্জুন দত্তের কাজেরও প্রশংসা করেছেন জয়া। ‘ডিপ ফ্রিজ’-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় নির্মাতার কাজের প্রতি তাঁর আস্থা তৈরি হয়েছে। পছন্দের এই পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

জয়া ও শ্রাবন্তী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, অভীক্ষা চট্টোপাধ্যায়, লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, রূপালি রায় ভট্টাচার্য ও মনোজ ওঝাসহ আরও অনেকে।

এত বড় তারকাবহর নিয়ে এবারই প্রথম সিনেমা নির্মাণ করছেন অর্জুন দত্ত। তাঁর মতে, সিনেমার প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। এ ধরনের গল্পে কাহিনির বাঁধন শক্ত হওয়া জরুরি। তা না হলে পুরো সিনেমার আকর্ষণ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন অভিজিৎ চট্টোপাধ্যায়। চিত্রনাট্য লিখেছেন আশীর্বাদ মৈত্র ও অর্জুন দত্ত। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শেষ দিকে ভারতের উত্তরবঙ্গে সিনেমাটির শুটিং শুরু হবে।