চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের শেখটোলার মোড় বটগাছের গোড়া হতে ককটেল দুটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি এই তথ্য জানিয়েছে।
এতে আরো জানানো হয়, এসআরবি-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের অপারেশন দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে শিবগঞ্জ পৌরসভার শেখটোলার মোড় বটগাছের গোড়ায় অবিস্ফোরিত ককটেল পড়ে আছে। এরপর মঙ্গলবার রাত ৩টার দিকে এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাল কসটেপে মোড়ানো মোড়ানো ১টি এবং কালো কসটেপে মোড়ানো ১টিসহ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। সেই সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। ফলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এসআরবি ধারণা, নাশকতা সৃষ্টির লক্ষে ককটেল দুটি দুষ্কৃতিকারীরা সেখানে রেখেছিল। উদ্ধারকৃত ককটেল দুটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।