বুধবার ২৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
দশ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গুর মৃত্যুর মিছিলে যোগ হলেন ঢাকা কোচ মাস্টার রেজাউল করিম চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৯৬ জন ডেঙ্গু আক্রান্ত ৫৯ বিজিবি’র অভিযানে শিবগঞ্জে জব্দ ৫০টি চোরাই মোবাইল ফোন সেট ডি-থ্রির নিলাম শেষে যেমন হলো দলগুলো কেইনের হাতেই উঠলো ব্যালন ডি’অর তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিতলেন পুতেয়াস বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা
Printed on: October 28, 2026
October 27, 2026
বিনোদন
বিনোদন

‘কিং’-এর পোস্টারে ভক্তদের চমকে দিলেন শাহরুখ

Published: October 27, 2026 at 11:50 AM
‘কিং’-এর পোস্টারে ভক্তদের চমকে দিলেন শাহরুখ

গত বছরের নিজের ৬০তম জন্মদিনে আসন্ন সিনেমার টিজার প্রকাশ করে দর্শকদের চমকে দিয়েছিলেন শাহরুখ খান। বছর ঘুরে আবারও আসছে বলিউড বাদশাহর জন্মদিন। তার আগেই নতুন চমক দিলেন কিং খান।  মঙ্গলবার সকালে নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশ করেছেন তিনি। পোস্টারে শাহরুখের নতুন লুক যেমন নজর কেড়েছে, তেমনি তার দেওয়া সংলাপও ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। ‘কিং’-এর টিজার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়। বিশেষ করে শাহরুখের পাকা চুল, মুখভর্তি দাড়ি আর রুক্ষ চেহারার নতুন লুক নিয়ে আলোচনা শুরু হয়। এবার পোস্টার প্রকাশের পরও তার ব্যতিক্রম হয়নি। পোস্টারে দেখা যায়, কালো পোশাকে দাঁড়িয়ে আছেন শাহরুখ। তার চুল ও দাড়িতে পাক ধরেছে। পোশাকের ওপর রক্তের দাগ, মুখে গম্ভীর অভিব্যক্তি। পেছনে আগুনে ঘেরা বৃত্তাকার কাঠামো, চারপাশে জ্বলছে আগুন। পুরো দৃশ্যজুড়ে রয়েছে ধ্বংসযজ্ঞের আবহ। সব মিলিয়ে রোমান্টিক নায়কের পরিচিত চেহারা ছেড়ে এক ভিন্ন রূপে হাজির হয়েছেন শাহরুখ। পোস্টারের সঙ্গে একটি সংলাপও জুড়ে দিয়েছেন কিং খান। লিখেছেন, ‘আজ আবার মনে পড়ল... খুনি নই, প্রেমিক।’ সংলাপটি সামনে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। অ্যাকশনধর্মী আবহের পোস্টারে প্রেমিকের কথা বলে শাহরুখ আসলে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। পোস্টার প্রকাশের পর সামাজিক মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন অনুরাগীরা। কেউ শাহরুখকে ‘কিং’ বলে অভিহিত করেছেন, কেউ আবার সিনেমাটিতে নতুন মাত্রার অ্যাকশন দেখার অপেক্ষার কথা জানিয়েছেন। এক ভক্ত লিখেছেন, ‘আমরা এখন কিং-এর যুগে আছি।’ আরেকজন লিখেছেন, ‘পরবর্তী পর্যায়ের উন্মাদনার অপেক্ষায় আছি।’ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে; পোস্টারেই উল্লেখ রয়েছে তা। সিনেমাটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স। তবে অনুমান করা হচ্ছে, আগামী ২ নভেম্বর শাহরুখ খানের আসন্ন জন্মদিনে ছবিটির প্রচারমূলক টিজার বা ট্রেলার কিছু একটা প্রকাশ হতে পারে। সিদ্ধার্থ আনন্দ এর আগে শাহরুখের সঙ্গে তার কাজ করা ‘পাঠান’ এবং ‘জওয়ান’ বিশাল সাফল্য পায়। নতুন এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অভিষেক বচ্চন ও শাহরুখের মেয়ে সুহানাকে। দীর্ঘ বিরতির পর শাহরুখকে নতুন ছবিতে দেখার অপেক্ষায় এখন দর্শকেরা।