চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা শিল্পকলা অ্যাকাডেমির ব্যবস্থাপনায় র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন— জেলা প্রশাসক আবু ছালেহ মো মুসা জঙ্গী। তিনি তার বক্তব্যে বলেন— লালন সাঁই ছিলেন বাংলার মানবতাবাদী সাধক, আধ্যাত্মিক গুরু ও বাউল সম্রাট। তিনি ধর্ম, বর্ণ, গোত্র ও সামাজিক ভেদাভেদের ঊর্ধ্বে মানুষকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। তিনি আরো বলেন, লালন সাঁই বাংলা লোকঐতিহ্যের অন্যতম ধারক, বাউল সাধনার পথিকৃৎ ও চারণ কবি। ধর্মীয় প্রভাব বলয়ের ঊর্ধ্বে উঠে মানুষ এবং মানবতারই পরম আরাধনা করেছেন তিনি। তাঁর গানে বারবার উদ্ভাসিত হয়েছে মনুষ্যত্ব প্রতিষ্ঠার বাণী। লালন সাঁইয়ের জন্ম ১৭৭৪ খ্রিষ্টাব্দের ১৪ অক্টোবর। তিনি ছিলেন সাধক, গায়ক, সুরকার, কবি। ছিলেন সামাজিক দায়বদ্ধ একজন মানুষ। তাঁর জন্ম হয়েছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়। তিনি ছিলেন একজন স্বশিক্ষিত মানুষ। তাঁর সৃষ্টির মধ্যে ছিল মানবতারই জয়গান। তাই লালন এখনো আমাদের কাছে প্রাসঙ্গিক।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন— পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দিন, জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম।
সূচনা বক্তব্যে লালন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) আনিসুর রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে লালন সংগীত পরিবশেন করা হয়।