চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হচ্ছে না। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও ১৬ জন নারীসহ ৩২ জনকে জেলা হাসপাতালে, ২ জন পুরুষ রোগীকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে, ২ জন পুরুষ রোগীকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২ জন পুরুষ নারীকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১ জন পুরুষ ও ১ জন নারীসহ ২ জন রোগীকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে শনিবার এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ায় জেলা হাসপাতাল থেকে ১৯ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৫ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জনসহ ৩০ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। একই সময়ে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ১ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফলে বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৩৯ জন পরুষ ও ৫০ জন নারীসহ ৮৯ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন পুরুষ, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন পুরুষ, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন পুরুষ ও ২ জন নারীসহ ৫ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন পুরুষ ও ২ জন নারীসহ ৭ জন রোগী ভর্তি রয়েছেন।
প্রতিবেদনে আরো বলা হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ২ হাজার ৩১৭ জন, শিবগঞ্জে ১৩৭ জন, গোমস্তাপুরে ১০৫ জন, নাচোলে ৭৪ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮৭ জন রোগী ভর্তি হন। জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৬৮০ জন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ১ হাজার ৭৮৬ জন সাধারণ ডেঙ্গু রোগী।