রবিবার ১১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 11, 2026
October 11, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

Published: October 11, 2026 at 02:02 PM
চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য  দিবস পালিত

“বাস্তব অভিজ্ঞতা শুনুন : প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। 

রবিবার দিবসটি উপলক্ষে জেলার ৫ উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা বিভাগ ও ডাসকো ফাউন্ডেশনের এ-এম্পাওয়ার প্রকল্পের সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

সকালে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কিশোর-কিশোরী, অভিভাবক এবং পরিবার পরিকল্পনা বিভাগের সেবাপ্রদানকারী কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে র‌্যালি বের হয়। 

পরে আলোচনা সভায় বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষা কেবল কোনো ব্যক্তি বিশেষের বিষয় নয়, বরং এটি সামাজিক সুস্থতার এক অপরিহার্য উপাদান। বিশেষ করে কিশোর-কিশোরীদের ক্রমবর্ধমান মানসিক চাপ, বিষন্নতা দূরীকরণে পরিবারকে ভূমিকা পালন করতে হবে। 

বক্তারা আরো বলেন, যারা এরই মধ্যে মানসিক বিভিন্ন চ্যালেঞ্জ পার করেছেন, তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা ও মতামত শুনে সামাজিক নীতি ও কার্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন আনাই আজকের দিনের মূল লক্ষ্য। ডাসকো ফাউন্ডেশনের এ-এম্পাওয়ার প্রকল্প স্থানীয় পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা পৌঁছানো, সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর মাধ্যমে এই ধরনের ধারাবাহিক উদ্যোগ স্থানীয় পর্যায়ে এক বড় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। 

অন্যান্য উপজেলাতেও দিবসটি পালিত হয়েছে।