ন্যাশনাল ব্যাংক পিএলসির আমানতকারীরা আগামী ১৫ অক্টোবর থেকে নিজেদের চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন। এ লক্ষে ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহিদুল হকের সাক্ষাতের পর এ নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ন্যাশনাল ব্যাংকের তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে। এ পরিস্থিতিতে আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন গভর্নর।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমানতকারীরা যাতে ১৫ অক্টোবর থেকে তাদের চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারেন, সে জন্য ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে হবে। সাক্ষাৎকালে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংককে জানান, কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে। ব্যাংকটির দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে শীর্ষ ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ন্যাশনাল ব্যাংকের তারল্য পরিস্থিতি নিয়ে আমানতকারীদের উদ্বেগের মধ্যে বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা এলো। নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত তারিখ থেকে আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদা মেটাতে ব্যাংকটিকে প্রয়োজনীয় নগদ অর্থের ব্যবস্থা করতে হবে।