চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু সপ্তাহের অংশ হিসেবে শিশু অধিকার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। একই সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম আজিজি।
আলোচনায় অংশ নেন— গোবরাতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ইমাম মো. মজিবুর রহমানসহ অন্যরা। অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. কাওশার আলীসহ অন্যরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের প্রোগ্রাম অফিসার উত্তম মণ্ডলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনায় শিশুদের মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন, প্রতিটি শিশুর নিরাপদ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে। শিশুদের অধিকার নিশ্চিত করতে পরিবার, বিদ্যালয় ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় বাল্যবিয়ের ক্ষতিকর দিক নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধেও শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করা হয়। ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ি ও বিদ্যালয়ের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোনো স্থানে পানি জমতে না দেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষার্থীদের নিজেদের পাশাপাশি পরিবারের সদস্য ও প্রতিবেশীদেরও ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার আহ্বান জানানো হয়।
অন্যদিকে বুধবার চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মো. বাবর আলী। এতে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আক্তার, অবসরপ্রাপ্ত এসআই মো. শাজাহান আলী এবং এসএসবিসি প্রকল্পের প্রোগ্রাম অফিসার উত্তম মণ্ডলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।