‘আপনার চোখকে ভালোবাসুন’— এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির চাঁপাইনবাবগঞ্জ শাখা র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সকালে চক্ষু হাসপাতাল প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতালটির সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির চাঁপাইনবাবগঞ্জ শাখার চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, সহসভাপতি মো. সাদেকুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল হান্নানসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা মো. ইউসুফ আলী।
বক্তারা বলেন, প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়। দিবসের মূল লক্ষ্য হচ্ছে, অন্ধত্ব দূর করা, চোখের বিভিন্ন রোগ এবং দৃষ্টিশক্তি হ্রাস প্রতিরোধে বিশ্বব্যাপী সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
বক্তারা সবার জন্য সুলভ, সহজলভ্য এবং মানসম্মত চক্ষু সেবা নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন— মানুষের চোখ হচ্ছে অমূল্য সম্পদ, তাই চোখের যত্ন নিন এবং নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
তারা আরো বলেন, বিশ্বব্যাপী মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা ও গল্প শেয়ার করার মাধ্যমে দৃষ্টির গুরুত্ব তুলে ধরা হচ্ছে। বিশ্বব্যাপী চোখের যত্ন নেয়ার ৫০ লাখ অঙ্গীকার বা প্রতিজ্ঞার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা করা হয় বলে তারা জানান।