চাঁপাইনবাবগঞ্জে একদিনে নতুন করে আরো ৮০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ৬৮জনকে।
নতুন করে আক্রান্তদের মধ্যে জেলা হাসপাতালে ৩৭ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ৩৫ জন সাধারণ রোগীকে জেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরো জানানো হয়েছে, নতুন ৪৫ জন রোগীর মধ্যে ২৮ জন পুরুষ ও ১৭ জন নারী রয়েছেন।
একই সময়ে জেলা হাসপাতাল থেকে ৬১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ৪ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনসহ ৬১ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৬ জন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফলে বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে বর্তমানে ভর্তি রোগী ৬৮ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, গোমস্তাপুরে ৭ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন ও ভোলাহাটে ৬ জন ভর্তি রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে পুরুষ ৫৪ জন, নারী ৩৬ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৪৩ জন। আর একই সময়ে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২ জনের।