বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 01, 2026
October 01, 2026
খেলাধুলা
খেলাধুলা

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

Published: October 01, 2026 at 12:53 PM
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

নাগোয়ার নিশিন করোগি স্পোর্টস পার্কের উইকেট স্লো। সেখানে বাংলাদেশের দেওয়া ১৩ ওভারে ১১২ রানের লক্ষ্যটা কঠিন হবে বলে মনে হচ্ছিল। তবে কে জানতো মুস্তাফিজুর রহমান এমন বাজে দিন পার করবেন? তার ২ ওভারে ৪১ রান নিয়েছে পাকিস্তান। ফলে নির্ধারিত ওভারের ৯ বল এবং ৬ উইকেট হাতে থাকতেই তারা জয়ের বন্দরে পৌঁছে গেছে। এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। বাংলাদেশ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে এখনও পদক জেতার সুযোগ রয়েছে। আগামীকাল শনিবার সকালে শ্রীলঙ্কার বিপক্ষে ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে খেলবে লিটন দাসের দল। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৩ ওভারে বাংলাদেশ ১১১ রান করেছিল। স্পিনিং উইকেটে বাংলাদেশ চার জন স্পিনার নিয়ে খেললেও মোসাদ্দেক হোসেন সৈকতকে ব্যবহারই করেননি অধিনায়ক লিটন। বাংলাদেশের সবচেয়ে পরীক্ষিত বোলার মুস্তাফিজুর রহমান। তিনি দুই ওভারে ৪১ রান দিয়েছেন। তার দুই ওভারেই বাংলাদেশ মূলত ম্যাচ হেরেছে। স্পিনিং উইকেটে বাংলাদেশ দুই প্রান্ত থেকেই স্পিনার দিয়ে বল শুরু করে। প্রথম ৩ ওভারে দুই উইকেট নিয়ে ২০ রান দেয়। এরপর মুস্তাফিজকে পাওয়ার প্লে’র শেষ ওভারে আনেন অধিনায়ক লিটন। ওই ওভারেই ম্যাচের মোমেন্টাম বদলে দেন পাকিস্তানি ব্যাটার সাইম আইয়ুব। মুস্তাফিজের প্রথম দুই বলেই তিনি টানা দুই ছয় হাঁকান। ওভারের শেষ বলে অবশ্য মুস্তাফিজ স্লোয়ারে আইয়ুবকে বিদায় করেন। দলীয় ৫৩ রানে উসমান খান আউট হলে বাংলাদেশ আবার ম্যাচে ফেরে। রিশাদ হোসেন ও শেখ মেহেদী দুই প্রান্ত থেকে মোটামুটি রান নিয়ন্ত্রণে রাখছিলেন। দশম ওভারে আবার মুস্তাফিজের হাতে বল তুলে দেন অধিনায়ক লিটন। ওই ওভারেই মূলত ম্যাচ পুরোপুরি পাকিস্তানের হাতে চলে যায়। তিনি সেই ওভারে ২৩ রান দেন। আব্দুল সামাদ তার দ্বিতীয় বলে ছক্কা, এরপর টানা চারটি চার হাঁকান। ফলে ৩ ওভারে মাত্র ১৩ রান প্রয়োজন হয় পাকিস্তানের। ৯ বল বাকি থাকতেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে স্বর্ণের লড়াই নিশ্চিত করে পাকিস্তান। আব্দুল সামাদ ১৫ বলে ৩০ রান ও আইয়ুবের ১২ বলে ২১ রানের ইনিংস ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ২২ বলে ২৭ রান করেন নাসান নেওয়াজ।