চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রফেসরপাড়া মহল্লায় তিনটি বাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া যায়। পরে তা ধ্বংস করা হয়।
এটি ছিল ২ নম্বর টিমের অভিযান। এ অভিযানে অংশগ্রহণ করেন— সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন এবং টিম লিডার ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলামসহ অন্যরা।
অপর দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদের নেতৃত্বে পৌরসভার ১৫নং ওয়ার্ডের মসজিদপাড়া এলাকায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
৩ নম্বর টিমের অভিযান পরিচালিত হয় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলিনগর মুন্সিপাড়া, সন্ধ্যা কমিউনিটি সেন্টার, এলজিইডি কার্যালয় ও মৎস্য কার্যালয়সহ বিভিন্ন এলাকায়। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ও টিম লিডার আহসান হাবীব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জহরুল ইসলামসহ অন্যরা অংশগ্রহণ করেন।
অপরদিকে পৌর কর নির্ধারক এনামুল হকের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের হাজীপাড়াসহ বিভিন্ন এলাকায় ৮ নম্বর টিমের মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
এছাড়া অন্যান্য টিমের অভিযানও পরিচালিত হয়। অভিযানকালে পৌরবাসীর মধ্যে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ, লার্ভি সাইট স্প্রে, ফগার দিয়ে ধোঁয়া দেয়া হয়। সেই সঙ্গে জনসাধারণকে ডেঙ্গু বিষয়ে ধারণা প্রদান করা হয় এবং বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেয়া হয়।