বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
September 24, 2026
খেলাধুলা
খেলাধুলা

জাপানকে হারিয়ে এশিয়ান গেমসে জয় পেলো আফগানিস্তান

Published: September 24, 2026 at 12:50 PM
জাপানকে হারিয়ে এশিয়ান গেমসে জয় পেলো আফগানিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটে জয় দিয়ে অভিযান শুরু করেছে আফগানিস্তান। গ্রুপ ‘এ’-এর প্রথম ম্যাচে জাপানকে ৪৮ রানে হারিয়েছে তারা। নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে আফগানরা। জবাবে ১৯.৩ ওভারে ৮১ রানেই গুটিয়ে যায় জাপানের ইনিংস। ১৩০ রানের লক্ষ্য খুব বড় না হলেও শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে জাপান। আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কোনো ব্যাটারই বড় জুটি গড়তে পারেননি। শেষ পর্যন্ত ৮১ রানেই থেমে যায় তাদের ইনিংস। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল জাপান। ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা মন্থর ছিল আফগানিস্তানের। ১০ বলে ৩ রান করে রেও সাকুরানো-থমাসের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন হাসান ইসাখিল। এরপর মোহাম্মদ আকরাম ও করিম জানাত মিলে ইনিংস সামাল দেন। আকরাম ২৯ বলে ৩৪ রান করেন, যেখানে ছিল দুটি চার ও দুটি ছক্কা। জানাতের ব্যাট থেকে আসে ২৩ বলে ২১ রান।

জানাত আউট হওয়ার পর অধিনায়ক দারউইশ রাসুলি হাল ধরেন। ২৭ বলে চারটি বাউন্ডারিতে ২৯ রান করেন তিনি। ১৯তম ওভারের দ্বিতীয় বলে রাসুলি আউট হওয়ার সময় আফগানিস্তানের সংগ্রহ ছিল ১২৩ রান। শেষ দিকে মোহাম্মদ ইসহাকের অপরাজিত ২৫ রানের ইনিংসে ১২৯ রানে পৌঁছে যায় দল। ১৭ বলে দুটি চার ও একটি ছক্কায় এই রান করেন ইসহাক। ইসমত আলম ৩ রান করে শেষ বলে আউট হন। জাপানের হয়ে ইব্রাহিম তাকাহাশি ও শোমা সুগায়া-স্লেটার দুটি করে উইকেট নেন। বেঞ্জামিন ইতো-ডেভিসের শিকার একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় বলেই উইকেট হারায় জাপান। ল্যাচলান ইয়ামামোতো-লেককে শূন্য রানে ফেরান আবদুল্লাহ আহমাদজাই। এরপর রেও সাকুরানো-থমাস ও কেন্ডেল কাদাওয়াকি-ফ্লেমিং কিছুটা প্রতিরোধ গড়েন। সাকুরানো-থমাস ২৪ বলে ২৩ রান করেন, আর কাদাওয়াকি-ফ্লেমিংয়ের ব্যাট থেকে আসে ১৭ বলে ১৪ রান। বেঞ্জামিন ইতো-ডেভিস ৮ বলে ১৭ রান করে জাপানের রান বাড়ানোর চেষ্টা করেন।

দুটি চার ও একটি ছক্কায় সাজানো তার ইনিংস থামে নাঙ্গেয়ালিয়া খারোটের বলে। এরপর দ্রুতই জাপানের ব্যাটিংয়ে ধস নামে। ৬০ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় তারা। শিরাই-প্যাটমোর ২, ইব্রাহিম তাকাহাশি ২ এবং চার্লি হারা-হিনজে শূন্য রানে ফিরে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আফগানিস্তানের হাতে চলে যায়। জাপানের ব্যাটিং ধসের সবচেয়ে বড় কারণ ছিলেন আরব গুল। ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি, এর মধ্যে ছিল দুটি মেডেন। তার ইকোনমি রেট ছিল মাত্র ২.০০। নাঙ্গেয়ালিয়া খারোতে ৩.৩ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন। আবদুল্লাহ আহমাদজাই ১৩ রান দিয়ে ২ উইকেট এবং নাজিবউল্লাহ জাদরান ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। শেষ পর্যন্ত মাকোতো তানিয়ামা ৭ বলে ৪ রান করে অপরাজিত থাকেন। শোমা সুগায়া-স্লেটার ১৩ বলে ৫ রান করে খারোতের তৃতীয় শিকারে পরিণত হন। তার বিদায়ের সঙ্গে ১৯.৩ ওভারে ৮১ রানে অলআউট হয় জাপান। ফলে ৪৮ রানের জয় নিয়ে এশিয়ান গেমসের গ্রুপ ‘এ’-তে শুভ সূচনা করে আফগানিস্তান।