রবিবার ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 23, 2026
August 23, 2026
বিজ্ঞান ও প্রযুক্তি
বিজ্ঞান ও প্রযুক্তি

যেভাবে পরিষ্কার করবেন ফোনের স্পিকারে ময়লা

Published: August 23, 2026 at 11:50 AM
যেভাবে পরিষ্কার করবেন ফোনের স্পিকারে ময়লা

স্মার্টফোন এখন সারাক্ষণের সঙ্গী। পকেট, ব্যাগ কিংবা টেবিলে রাখার কারণে সময়ের সঙ্গে ফোনের বিভিন্ন অংশে ধুলা-ময়লা জমে। বিশেষ করে স্পিকারের ছোট ছোট ছিদ্রে ধুলা বা লিন্ট আটকে গেলে অনেক সময় আগের তুলনায় শব্দ কম শোনা যেতে পারে। তবে স্পিকার পরিষ্কার করতে গিয়ে ভুল পদ্ধতি ব্যবহার করলে উল্টো ফোনের ক্ষতি হতে পারে। তাই বাড়িতেই নিরাপদে পরিষ্কার করতে চাইলে কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করতে পারেন।


পরিষ্কার করার আগে যা খেয়াল রাখবেন

স্পিকার পরিষ্কার করার আগে ফোনটি সম্পূর্ণ বন্ধ করে নিন। চার্জার, ইয়ারফোন বা অন্য কোনো কেবল সংযুক্ত থাকলে সেগুলো খুলে রাখুন। স্পিকারের ছিদ্রে পিন, সুঁই, কাগজের ক্লিপ বা অন্য কোনো ধারালো জিনিস ঢোকাবেন না। এতে স্পিকার গ্রিল ছিদ্র হয়ে যেতে পারে বা ভেতরের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া সরাসরি পানি, অ্যালকোহল বা অন্য কোনো তরল স্পিকারের ওপর ব্যবহার না করাই ভালো।


শুকনো কটন বাডে পরিষ্কার করুন

প্রথমে একটি নরম ও শুকনো কাপড় দিয়ে ফোনের স্পিকারের চারপাশ মুছে নিন। এরপর শুকনো কটন বাড দিয়ে স্পিকার গ্রিলের ওপর খুব আলতোভাবে পরিষ্কার করুন। হালকা হাতে একদিকে বা গোল করে ঘোরালে উপরিভাগে আটকে থাকা ধুলো ও লিন্ট উঠে আসতে পারে। তবে কটন বাড স্পিকারের ছিদ্রের ভেতরে ঢোকানোর চেষ্টা করবেন না। বেশি চাপ দিলে ময়লা আরও গভীরে চলে যেতে পারে।


নরম ব্রাশেও সরাতে পারেন ধুলা

স্পিকার পরিষ্কারের জন্য ছোট ও নরম ব্রাশ ব্যবহার করা যেতে পারে। পরিষ্কার, নরম দাঁতের ব্রাশও এ ক্ষেত্রে কাজে লাগতে পারে। ফোনটি এমনভাবে ধরে ব্রাশ করুন, যাতে আলগা হয়ে যাওয়া ধুলা স্পিকারের বাইরে বেরিয়ে আসে। ব্রাশ করার সময় খুব বেশি চাপ প্রয়োগ করা উচিত নয়। শক্ত ব্রাশ ব্যবহার করলে স্পিকার গ্রিলের সূক্ষ্ম অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।


বাল্ব ব্লোয়ার হতে পারে আরেকটি উপায়

স্পিকারের ওপর জমে থাকা শুকনো ধুলা আলগা করতে রাবারের বাল্ব ব্লোয়ার ব্যবহার করা যায়। স্পিকার থেকে কিছুটা দূরে রেখে অল্প অল্প করে বাতাস দিন। এতে আলগা ধুলা ও ছোট কণা বাইরে বেরিয়ে আসতে পারে। তবে স্পিকারে জোরে বাতাস দেওয়ার জন্য কমপ্রেসড এয়ার ক্যান ব্যবহার না করাই নিরাপদ। অতিরিক্ত চাপের বাতাস ময়লা আরও ভেতরে ঠেলে দিতে পারে এবং কিছু ক্ষেত্রে ফোনের অভ্যন্তরীণ অংশের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।


স্পিকারে পানি ঢ়ুকে গেলে

ফোনের স্পিকারে পানি ঢ়ুকে গেলে সেটি দ্রুত শুকানোর জন্য ফোন ঝাঁকানো বা হেয়ার ড্রায়ারের গরম বাতাস ব্যবহার করবেন না। অতিরিক্ত তাপ ফোনের অন্যান্য উপাদানেও সমস্যা তৈরি করতে পারে। এক্ষেত্রে ফোনটি শুকনো ও বাতাস চলাচল করে এমন জায়গায় রেখে দিন। আপনার ফোনে পানি বের করার জন্য প্রস্তুতকারকের দেওয়া কোনো নির্দিষ্ট ফিচার থাকলে সেটিই ব্যবহার করুন। কিছু স্মার্টফোনে নির্দিষ্ট কম্পন বা সাউন্ড ব্যবহার করে স্পিকার থেকে পানি বের করার সুবিধা থাকে। তবে তৃতীয় পক্ষের কোনো অ্যাপ ব্যবহারের আগে সেটি আপনার ফোনের জন্য নিরাপদ কি না, তা যাচাই করে নেওয়া ভালো।


কখন সার্ভিস সেন্টারে যাবেন?

পরিষ্কার করার পরও যদি স্পিকারের শব্দ খুব কম থাকে, শব্দ ভাঙা শোনা যায় বা অস্বাভাবিক কর্কশ আওয়াজ হয়, তাহলে সমস্যাটি শুধু ধুলোর কারণে নাও হতে পারে। স্পিকারের হার্ডওয়্যার বা ফোনের অন্য কোনো অংশে সমস্যা থাকলে নিজে খুলে মেরামতের চেষ্টা না করে অনুমোদিত সার্ভিস সেন্টারের সাহায্য নেওয়াই নিরাপদ।


স্মার্টফোনের স্পিকার পরিষ্কার রাখার সবচেয়ে ভালো উপায় হলো নিয়মিত ও সাবধানে ধুলো সরানো। সামান্য ময়লা পরিষ্কার করতে গিয়ে অতিরিক্ত চাপ, ধারালো বস্তু বা তরল ব্যবহার করলে লাভের বদলে ফোনের ক্ষতি হতে পারে। তাই সহজ পদ্ধতি মেনে ধীরে-সুস্থে পরিষ্কার করাই সবচেয়ে নিরাপদ।