বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 23, 2026
July 12, 2026
বিজ্ঞান ও প্রযুক্তি
বিজ্ঞান ও প্রযুক্তি

নিউইয়র্কের আদালতে নিষিদ্ধ হলো স্মার্ট গ্লাস

Published: July 12, 2026 at 10:55 AM
নিউইয়র্কের আদালতে নিষিদ্ধ হলো স্মার্ট গ্লাস

আদালতের কার্যক্রম গোপনে ভিডিও বা অডিও ধারণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সব আদালতে স্মার্ট গ্লাস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ২০ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর মাধ্যমে স্মার্ট গ্লাসের ওপর রাজ্যব্যাপী পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা দেওয়া প্রথম অঙ্গরাজ্যে পরিণত হলো নিউইয়র্ক। নতুন নির্দেশনা অনুযায়ী, ক্যামেরা ও মাইক্রোফোনযুক্ত সব ধরনের স্মার্ট চশমা এবং হেডওয়্যার নিউইয়র্কের ইউনিফায়েড কোর্ট সিস্টেমের আওতাধীন ১ হাজার ২৪০টি আদালত ভবনে নিষিদ্ধ থাকবে। এমনকি প্রেসক্রিপশন লেন্সযুক্ত স্মার্ট গ্লাসও আদালতের ভেতরে নেওয়া যাবে না। যাদের নিয়মিত চশমা প্রয়োজন, তাদের সাধারণ চশমা সঙ্গে আনার পরামর্শ দেওয়া হয়েছে। আদালতে প্রবেশের আগে স্মার্ট গ্লাস আদালতের নিরাপত্তাকর্মীদের কাছে জমা রাখতে হবে। এই নিয়ম আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারীসহ সবার জন্য প্রযোজ্য। নিউইয়র্কের আদালতের বিদ্যমান নিয়ম অনুযায়ী, আদালত ভবনের ভেতরে ছবি তোলা, ভিডিও ধারণ, অডিও রেকর্ডিং কিংবা সম্প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। তবে স্মার্ট গ্লাস ব্যবহার করে অতি সহজে গোপনে ভিডিও ধারণ সম্ভব হওয়ায় নতুন করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যম মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের আদালতে হাজিরার সময় তার দলের কয়েকজন সদস্য মেটা রে ব্যান স্মার্ট গ্লাস পরে আদালতে প্রবেশ করলে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। পরে বিচারক আদালতের কার্যক্রম রেকর্ড না করার বিষয়ে সতর্কবার্তা দেন। বিশেষজ্ঞদের মতে, স্মার্ট গ্লাসের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে গোপন ভিডিও ধারণ ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগও বাড়ছে। এরই মধ্যে রয়্যাল ক্যারিবিয়ান ও এমএসসি ক্রুজ তাদের কিছু নির্দিষ্ট এলাকায় স্মার্ট গ্লাস ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যেও গাড়ি চালানোর সময় স্মার্ট গ্লাস নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনায় রয়েছে। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি সামনে রেখে ভবিষ্যতে আরও অনেক প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা স্মার্ট গ্লাস ব্যবহারে কড়াকড়ি আরোপ করতে পারে।