মানুষের জীবন দিন দিন নির্ভরশীল হয়ে উঠছে স্মার্টফোনের ওপর| ফলে, এই যন্ত্রটির নিরাপত্তা হয়ে উঠেছে আগের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ| অধিকাংশ স্মার্টফোনই চলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে, আর এতে আছে উন্মুক্ত ইকোসিস্টেম| এর ফলে এতে অসংখ্য থার্ড-পার্টি অ্যাপ ইনস্টলের অনুমতি মেলে| আর, এর ফলে ফোনে ম্যালওয়্যার প্রবেশ সহজ হয়ে ওঠে| ম্যালওয়্যার কী এবং নিজের ফোনে ম্যালওয়্যার আছে কিনা সেটি বোঝার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি সাইট হাও-টু গিক|
ম্যালওয়্যার কী?
ম্যালওয়্যার হল এমন সফটওয়্যার যা ইচ্ছাকৃতভাবে কোনও ডিভাইসের ক্ষতি করতে, ব্যাঘাত ঘটাতে বা অননুমোদিত অ্যাক্সেস পাওয়ার জন্য নকশা করা হয়| এটি ব্যবহারকারীর তথ্য চুরি করতে, বিভিন্ন কাজের ওপর নজর রাখতে, বিজ্ঞাপনের মাধ্যমে ফোনে তথ্য স্প্যাম করর জন্যও ব্যবহার করা হতে পারে| ম্যালওয়্যার সাধারণত সংক্রামিত অ্যাপ, ওয়েবসাইট, এমনকি ইমেইলে আসা অ্যাটাচমেন্ট ফাইল থেকে ডিভাইসে আসে| ম্যালওয়্যার আর ভাইরাস একইরকম মনে হলেও পার্থক্য আছে| সহজ ভাষায়, সব ভাইরাসই ম্যালওয়্যার, কিন্তু সব ম্যালওয়্যার ভাইরাস নয়|
ফোনে ম্যালওয়্যার আছে কিনা বোঝার উপায়
ফোনে ম্যালওয়্যার আক্রমণ হওয়ার কিছু সাধারণ আলামত রয়েছে| চলুন জেনে নেওয়া যাক সেগুলো-
ক্রমাগত চার্জ ফুরিয়ে যাওয়া
কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই যদি ফোনের ব্যাটারির আয়ু উল্লেখযোগ্যভাবে কমে যায়, তাহলে এর অর্থ হতে পারে ফোন সারাক্ষণ কোনো কাজ করছে| এই কোনো কাজটি হতে পারে ম্যালওয়্যার সংশ্লিষ্ট| এসব সফটওয়্যার প্রায়ই ফোনের ব্যকগ্রাউন্ডে কিছু অ্যাপ চালায় যা অনেক চার্জ খরচ করে| ফোন ব্যবহার না করলেও এ প্রক্রিয়া চলতে থাকে, ফলে অস্বাভাবিক হারে ব্যাটারি কমে যায়|
ধীর গতির পারফরমেন্স
অস্বাভাবিকভাবে ধীরগতির বা প্রযুক্তি জগতের কথ্য ভাষায় বার বার ‘হ্যাং’ হতে থাকা ফোনটিও ম্যালওয়ারের লক্ষণ হতে পারে| সাধারণত অনেক পুরনো ফোন চালালে এমন হলেও, ম্যালওয়্যারও এর অন্যতম বড় কারণ| ভালোমানের একটি ফোনের কর্মক্ষমতা হঠাৎ করেই এমন কমে গেলে আসল কারণ খুঁজতে আরও খতিয়ে দেখা উচিত|
অতিরিক্ত গরম হওয়া
অনেক বেশি ব্যবহারে ফোন গরম হওয়া স্বাভাবিক| তবে, ক্রমাগতভাবে অতিরিক্ত গরম হওয়া, বিশেষ ফোন তেমন ব্যবহার না করলেও গরম হওয়া ম্যালওয়্যারের কাজের সংকেত হতে পারে| ক্ষতিকারণ এসব সফটওয়্যার ফোনের ব্যকগ্রাউন্ডে চলাকালীন প্রসেসরে চাপ ফেলে| এ কারণে ফোন ব্যবহার না হলেও অনেক সময় অতিরিক্ত গরম হয়|
অনাকাঙ্ক্ষিত অ্যাপ
হঠাৎ করেই ফোনে নতুন নতুন অ্যাপ চোখে পড়ছে, যা নিজে ইনস্টল করেননি? এটি খারাপ লক্ষণ| অনেক সময়ই অবৈধ অ্যাপ ও অ্যাপস্টোরের মাধ্যমে ডিভাইসে প্রবেশ করতে পারে ম্যালওয়ার| অননুমোদিত সাইট থেকে কোনো অ্যাপ ডাউনলোড করলে ব্যবহারকারীর অনুমতি ছাড়াই অনাকাঙ্ক্ষিত অ্যাপ ইনস্টল হয়ে যেতে পারে| আর এতে ক্ষতি হবে ডিভাইসেরই| অ্যাপ বা অ্যাপ স্টোর ছাড়াও, অন্যান্য অননুমোদিত ডাউনলোড সাইড থেকে এসব ম্যালওয়্যার ফোনে প্রবেশ করতে পারে|
অতিরিক্ত ডেটা ব্যবহার
ফোন ব্যবহারে তেমন পরিবর্তন না এলেও প্রচুর মোবাইল ডেটা খরচ হচ্ছে? এটি ম্যালওয়্যারের কাজ হতে পারে| ব্যবহারকারীর অজান্তেই এটি ডেটা স্থানান্তর করতে বা ব্যাকগ্রাউন্ডে আরও ম্যালওয়্যার ডাউনলোড করতে মোবাইল ডেটা ব্যবহার করতে পারে| এসব কাজই মোবাইল ডেটার ব্যবহার ও ফোনের বিল উভইয় বাড়িয়ে দেয়|