চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও নাচোলে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্ট-আপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে|
শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই কর্মসূচির আয়োজন করে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস| এই কর্মসূচি বাস্তবায়ন করে শিক্ষা মন্ত্রণালয়ের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)|
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী|
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন (অতিরিক্ত দায়িত্ব)সহ অন্যরা|
বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আয়োজিত এই প্রোগ্রামে শিবগঞ্জ উপজেলার ১১টি স্কুল ও মাদ্রাসা অংশগ্রহণ করে| অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর সমাধান এবং বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া উপস্থাপন করেন|
মেলায় প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে ছিল পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট সেচ ব্যবস্থা, নিরাপদ পানি ব্যবস্থাপনা, রোবোটিক্স, ডিজিটাল সেবা এবং ˆদনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার বিজ্ঞানভিত্তিক সমাধান|
প্রতিটি স্টল ঘুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা ও গবেষণামূলক কাজের প্রশংসা করেন অতিথিরা|
নাচোল প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী বিজ্ঞান উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী ও আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে|
শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম-এর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়|
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. সুলতানা রাজিয়া|
এবারের প্রদর্শনীতে উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (কলেজ) পর্যায়ের মোট ৯টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়| প্রদর্শনীতে শিক্ষার্থীরা মানবকল্যাণ, দেশের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণে তাদের নিজস্ব উদ্ভাবনী প্রজেক্ট ও ˆবজ্ঞানিক আইডিয়া ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে তুলে ধরে| বিচারক প্যানেলের বিভিন্ন জটিল ও তাত্ত্বিক প্রশ্নের যুক্তিযুক্ত উত্তর দিয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন ক্ষুদে বিজ্ঞানীরা|
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার মামুনর রশিদ এবং নাচোল উপজেলা মাধ্যমিক অফিসের সহকারী প্রোগ্রামার তহিদুল আলম| এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|
দিনব্যাপী এই বিজ্ঞান প্রদর্শনীর সমাপনী পর্বে অংশগ্রহণকারী প্রজেক্টগুলোর মধ্য থেকে সেরা তিন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়| প্রতিযোগিতায় দুর্দান্ত উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করেছে এসিয়ান স্কুল অ্যান্ড কলেজ| এছাড়া দ্বিতীয় স্থান অর্জন করেছে নাচোল বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থান লাভ করেছে সোনাইচন্ডী উচ্চবিদ্যালয়|
অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন|