চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে ১ হাজার অসহায় মানুষের চোখের লেন্সসহ ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের সহযোগিতায় এই চক্ষু ক্যাম্পের আয়োজন করেছে। এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা, রোগীর ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে।
সোমবার সকালে উপজেলার ছত্রাজিতপুর শাহ নেয়ামতুল্লাহ ইয়াতিমখানা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের সভাপতি ডা. ময়েজ উদ্দিন।
ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি প্রকৌশলী নূরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ নবাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আকবর হোসেন ও ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবি।
সূচনা বক্তব্যে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলওয়ার হোসেন জানান, রোগীদের অপরেশন, ওষুধ, চিকিৎসাকালীন থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ বহন করবে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের ৯ জনের মেডিকেল টিম ক্যাম্পে চিকিৎসা প্রদান করছেন।
প্রকৌশলী নূরুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে ১০০ জন করে রোগীর অপারেশন করা হবে। সমাজের যারা অর্থের অভাবে চোখের অপারেশন করতে পারছে না, মূলত তাদের জন্য এটি অনেক বড় উপকারে আসবে।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।