চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে ২ হাজার ১৫৫ মেট্রিক টন আমন ধান কিনবে জেলা খাদ্য বিভাগ। ৩৫ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় করা হবে। তবে চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা এখনো নির্ধারণ করা হয়নি।
ভারপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় চলতি মৌসুমে ৩৫ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ২ হাজার ১৫৫ মেট্রিক টন আমন ধান ক্রয় করা হবে। এর মধ্যে সদর উপজেলায় ৪০৬ মেট্রিক টন, শিবগঞ্জ উপজেলায় ২০ মেট্রিক টন, গোমস্তাপুর উপজেলায় ৬৬০ মেট্রিক টন, নাচোল উপজেলায় ৮৮৪ মেট্রিক টন এবং ভোলাহাট উপজেলায় ১৮৫ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। তিনি আরো জানান, জেলা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেই সভার পর উপজেলা খাদ্য কর্মকর্তাদের ধান ক্রয়ের এই লক্ষ্যমাত্রা পাঠানো হবে। তখন তারা ধান ক্রয় শুরু করবেন।
জানা যায়, সরকার কৃষকের উৎপাদন ব্যয় ও ন্যায্য মুনাফার বিষয়টি বিবেচনায় এনে চলতি মৌসুমে প্রতিকেজি আমন ধানের সংগ্রহ মূল্য ৩৫ টাকা, সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৯ টাকা নির্ধারণ করেছে। কৃষক সরকারি সংগ্রহ কেন্দ্রে মানসম্মত ধান বিক্রি করে তার প্রাপ্য টাকা পাবেন। ধান সংগ্রহের জন্য এরই মধ্যে জেলার খাদ্য গুদামগুলো প্রস্তুত করা হয়েছে।
ধান ব্যবসায়ী তৌহিদ জানিয়েছেন নতুন বাজারে অঅসছে। ৫১ ধান-১০৭০ টাকা থেকে ১১২০টাকা, নতুন মনতাজ ১৩০০ থেকে ১৩৫০, পুরাতন মনতাজ ১৪০০-১৪২০ টাকা, ৯০ ধান ১৯০০ থেকে ২০৫০. জিরা সাইলে ১৪০০ থেকে ১৪৫০ মণ দরে বিক্রি হচ্ছে।
প্রসঙ্গত, গত বোরো মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩ হাজার ৫৩৪ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছিল।
উল্লেখ্য, এবার চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলায় ৫৩ হাজার ৯০৫ হেক্টর জমিতে আমন ধান আবাদ করেছেন কৃষকরা। এই পরিমাণ জমি থেকে ১ লাখ ৮৪ হাজার ৮৯২ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলার কৃষি বিভাগ।