বুধবার ১৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২১৫৫ মেট্রিক টন আমন ধান কিনবে খাদ্য বিভাগ সাড়ে ১১ মাসে ১৩ কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ ১৬ বিজিবির চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৫২ জন নিয়ামতপুরে মজুত করা ২১৪ বস্তা সার উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের আয়োজনে বুলু মিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল তিন মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি বেড়েছে ৪৮৯ কোটি টাকা একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন এআই দিয়ে পরীক্ষা পাসের দিন শেষ, দ. কোরিয়ায় সর্বোচ্চ সতর্কতা দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেল মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বাড়ছে বন্যার শঙ্কা
Printed on: November 18, 2026
November 18, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বাড়ছে বন্যার শঙ্কা

Published: November 18, 2026 at 12:24 PM
ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বাড়ছে বন্যার শঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’ ঘণ্টায় মাত্র ৩ কিলোমিটার গতিতে এগোচ্ছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। ঘূর্ণিঝড়ের গতি কম হলেই যে তা বেশি ধ্বংসাত্মক হবে, এমন নয়। তবে ঝড়ের ধীরগতির কারণে কোনো এলাকায় দীর্ঘ সময় ধরে বৃষ্টি হতে পারে। এতে বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি বাড়ে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ নভেম্বর শুক্রবার ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এ কারণে অন্ধ্রপ্রদেশের পাশাপাশি প্রতিবেশী তেলেঙ্গানা ও ওডিশায়ও সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের গতি কেন গুরুত্বপূর্ণ এবং ধীরগতির ঝড় উপকূলীয় অঞ্চলের জন্য কী ধরনের বিপদ তৈরি করতে পারে, তা নিয়ে আবহাওয়াবিজ্ঞানীদের গবেষণায় বেশ কিছু তথ্য উঠে এসেছে। ২০২১ সালে ‘জার্নাল অব হাইড্রোমেটিওরোলজি’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত উপকূলে আঘাত হানা ২৮০টি ঘূর্ণিঝড় বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, ঘূর্ণিঝড়ের সামনের দিকে এগিয়ে যাওয়ার গতি এবং এর ফলে সৃষ্ট বন্যার তীব্রতার মধ্যে উল্লেখযোগ্য সম্পর্ক রয়েছে।

গবেষণায় দেখা গেছে, ধীরগতির ঘূর্ণিঝড় সাধারণত কোনো এলাকায় বেশি সময় অবস্থান করে। ফলে একই অঞ্চলে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হয় এবং সেখানে বৃষ্টির পানি জমতে থাকে। এতে নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা তৈরি হয়। গবেষকেরা আরও দেখেছেন, ঘূর্ণিঝড়ের মোট বৃষ্টিপাত বন্যার তীব্রতা নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এ ছাড়া ঝড়ের আকার ও শক্তি, মাটিতে আগে থেকে থাকা আর্দ্রতা এবং ভূমির ঢালও বন্যার ঝুঁকিকে প্রভাবিত করে। এমনকি তুলনামূলক দুর্বল ঘূর্ণিঝড়ের কারণেও ভয়াবহ বন্যা হতে পারে। অর্থাৎ বাতাসের গতির ভিত্তিতে ঝড়ের শক্তি নির্ধারণ করলেই বন্যার ঝুঁকি পুরোপুরি বোঝা যায় না। ২০২২ সালে ‘নেচার কমিউনিকেশনস’ সাময়িকীতে প্রকাশিত আরেকটি গবেষণায় ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত উপগ্রহ থেকে পাওয়া বৃষ্টিপাতের তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, ঘূর্ণিঝড়ের সামনের দিকে এগিয়ে যাওয়ার গতি বাড়লে সাধারণত বৃষ্টিপাতের গড় হারও বাড়ে। গবেষণা অনুযায়ী, দ্রুতগতির ঘূর্ণিঝড়ে বৃষ্টিপাতের গড় হার ধীরগতির ঝড়ের তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি। সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর ক্ষেত্রে এই পার্থক্য আরও বেশি। তবে এর অর্থ এই নয় যে দ্রুতগতির ঘূর্ণিঝড় সব সময় বেশি বৃষ্টি ঝরায়। কারণ, ধীরগতির ঝড় কোনো অঞ্চলের ওপর দীর্ঘ সময় অবস্থান করে। ফলে বৃষ্টিপাতের গড় হার কম হলেও দীর্ঘ সময় ধরে বৃষ্টির কারণে মোট বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। গবেষকদের মতে, ধীরগতির ঘূর্ণিঝড়ের অতিরিক্ত অবস্থানকাল বৃষ্টিপাতের হারের পার্থক্যকে ছাড়িয়ে যেতে পারে। তাই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি শুধু এর গতির ওপর নির্ভর করে না। ঝড়ের শক্তি, আকার, বৃষ্টির বিস্তৃতি, গতিপথ এবং আশপাশের আবহাওয়াব্যবস্থার সঙ্গে এর মিথস্ক্রিয়াও ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণ করে।


পরপর তিনটি ঘূর্ণিঝড় নিয়ে উদ্বেগ

আকভান নিয়ে আবহাওয়াবিদদের উদ্বেগের আরেকটি বড় কারণ হলো, অল্প সময়ের ব্যবধানে বঙ্গোপসাগরে তিনটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি। গত ২৮ অক্টোবর ঘূর্ণিঝড় ‘আরনাব’ ভারতের অন্ধ্রপ্রদেশ-ইয়ানাম উপকূলের নরসাপুরের কাছে আঘাত হানে। এর কয়েক দিনের মাথায়, ৩ নভেম্বর আরেকটি ঘূর্ণিঝড় ‘মুরাসু’ অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে ওঙ্গোলের কাছে আঘাত হানে। এরপরই তৈরি হয়েছে আকভান। সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ থাকে। তবে অল্প সময়ের মধ্যে পরপর তিনটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি সমুদ্রের পানিতে অতিরিক্ত তাপের উপস্থিতি এবং এল নিনোর প্রভাবের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। জাতিসংঘের সংস্থা বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে এল নিনোর উষ্ণতা বাড়তে শুরু করেছে। আগামী ডিসেম্বরে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। এর আগে ১৯৭৬ ও ১৯৮৭ সালেও এল নিনোর প্রভাবে অন্ধ্রপ্রদেশে এক মাসের মধ্যে তিনটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল। ওই দুই বছরই ছিল এল নিনোর বছর। সব মিলিয়ে আকভানের ধীরগতির চেয়ে এর কারণে কোনো এলাকায় কতক্ষণ বৃষ্টি হবে, কতটা বৃষ্টিপাত হবে এবং ঝড়টি কোন পথে এগোবে—এসব বিষয়ই ক্ষয়ক্ষতির আশঙ্কা নির্ধারণে বেশি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে পরপর ঘূর্ণিঝড় সৃষ্টির বিষয়টিও আবহাওয়াবিদদের উদ্বেগ বাড়াচ্ছে। সূত্র: এনডিটিভি