চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক কামরুল আরেফিন বুলু মিয়া স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে এই দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।
স্মরণসভায় বক্তারা মরহুম কামরুল আরেফিন বুলুর বর্ণাঢ্য কর্মময় জীবন, স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও কৃষি খাতের উন্নয়নে তার অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বক্তারা বলেন, তিনি কেবল একজন সফল ব্যবসায়ীই ছিলেন না, বরং ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ও দানশীল ব্যক্তি। জীবদ্দশায় তিনি চেম্বারের পরিচালক ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে অসহায় মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সমাজ এক অভিভাবক ও নিঃস্বার্থ শুভাকাঙ্ক্ষীকে হারিয়েছে।
স্মরণসভায় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আখতারুল ইসলাম রিমন, পরিচালক মফিজ উদ্দিন, মনিরুল ইসলাম, সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, ডায়াবেটিকস সমিতির সভাপতি অ্যাডভোকেট সোলাইমান বিশু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিনসহ ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্মরণসভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
উল্লেখ্য, কৃষিবিদ কামরুল আরেফিন বুলু গত রবিবার বিকেলে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।