কপ-৩১-এ জলবায়ু অর্থায়ন, কার্বন বাণিজ্য ও বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. সাইমুম পারভেজ বাংলাদেশের জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ জলবায়ু কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (CIF) ARISE কর্মসূচির আওতায় বাংলাদেশ ৩০ মিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু অর্থায়নের জন্য নির্বাচিত হয়েছে, যা বিশেষ করে উপকূলীয় ও জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা, জীবন-জীবিকার সুরক্ষা এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাংবাদিকদের বিভিন্ন কারিগরি ও নীতিগত প্রশ্নের জবাবে ড. সাইমুম পারভেজ অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন, লস অ্যান্ড ড্যামেজ, ব্লেন্ডেড ফাইন্যান্স এবং স্বল্প সুদে আন্তর্জাতিক অর্থায়ন নিশ্চিত করার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি জলবায়ু পরিবর্তনের জন্য অধিক দায়ী দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়ন বাস্তবায়নের গুরুত্বও ব্যাখ্যা করেন। এছাড়া বাংলাদেশের জাতীয় কার্বন মার্কেট ফ্রেমওয়ার্ক, আন্তর্জাতিক কার্বন ক্রেডিট বাণিজ্যের সম্ভাবনা এবং পরিবেশবান্ধব বিনিয়োগ সম্প্রসারণে সরকারের চলমান উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের লক্ষ্য শুধু জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে আন্তর্জাতিক সহায়তা গ্রহণ করা নয়; বরং নিজস্ব সক্ষমতা, উদ্ভাবন ও কার্যকর জলবায়ু কূটনীতির মাধ্যমে একটি জলবায়ু-সহনশীল ও নেতৃত্বদানকারী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা।
জলবায়ু ন্যায়বিচার, কার্যকর অর্থায়ন এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।