‘ঘরে ঘরে আওয়াজ তুলুন, জীবনের প্রতি হ্যাঁ, মাদকের প্রতি না’—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে শুরু হয়েছে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার বিকেলে আমনুরা রেলস্টেশন মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফল হাসান।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হেলাল উদ্দীন, সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আনিসুল হক মাহমুদ, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমানসহ অন্যরা।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ৪ ওয়ার্ড বনাম ৯ নং ওয়ার্ড। প্রথম দিনের খেলায় ৪ নং ওয়ার্ড ১-০ গোলে ৯ ওয়ার্ডকে পরাজিত করে। টুর্নামেন্টে মোট ৯টি দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনের আগে ৩ নং ঝিলিম ইউনিয়ন পরিষদ থেকে মাদক বিরোধী বর্ণাঢ্য র্যালি বের করা হয়।