এফএনএস স্পোর্টস: ফ্রান্স জাতীয় দলের কোচ জিনেদিন জিদান ও অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইতালির বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে এমবাপ্পেকে নিয়ে জিদানের সঙ্গে মনোমালিন্যের খবর সামনে এসেছে। ফরাসি টিভি উপস্থাপক সিরিল হানুনার দাবি, খেলার অনীহা ও শারীরিক প্রস্তুতি নিয়ে এমবাপ্পের মন্তব্যের জবাবে তাঁকে ম্যাচে না খেলার কথা জানিয়ে দেন জিদান। তবে এই কথোপকথনের সত্যতা দুই পক্ষের কেউ নিশ্চিত করেননি।
ফ্রান্সের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জিদান দায়িত্ব নেওয়ার পর থেকেই এমবাপ্পের সঙ্গে তাঁর কিছু বিষয়ে মতপার্থক্য তৈরি হয়েছে। বিশেষ করে মাঠে এমবাপ্পের অবস্থান নিয়ে অসন্তুষ্টির কথা আলোচনায় এসেছে। জিদান তাঁকে বাঁ প্রান্তে খেলানোর সিদ্ধান্ত নেন, আর ওসমান দেম্বেলেকে খেলান আক্রমণের কেন্দ্রে। অথচ এমবাপ্পে সাম্প্রতিক সময়ে মূল স্ট্রাইকার হিসেবে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। কোচের এই কৌশলগত সিদ্ধান্তকে আক্রমণে নিজের ভূমিকা কমে যাওয়ার ইঙ্গিত হিসেবে দেখেছেন অনেকে।
এর মধ্যেই ইতালির বিপক্ষে ম্যাচের আগে ফ্রান্সের অনুশীলনে অনুপস্থিত ছিলেন এমবাপ্পে। হ্যামস্ট্রিংয়ের পেশিতে অস্বস্তির কারণে বৃহস্পতিবারের ম্যাচে তাঁকে পাওয়া যাচ্ছে না। ফ্রান্স কোচ জিদান জানিয়েছেন, এমবাপ্পে ব্যথা অনুভব করছেন। তাই ঝুঁকি নিয়ে তাঁকে খেলাতে চান না। তবে ১৫ নভেম্বর তুরস্কের বিপক্ষে ম্যাচে তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে। এমবাপ্পে এর আগে ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে গোল করার পর বাঁ হাঁটুতে চোট পেয়ে ফ্রান্সের পরের তিনটি ম্যাচে খেলতে পারেননি।
এমবাপ্পে ও জিদানের কথিত বিরোধ নিয়ে বিস্তারিত দাবি করেছেন ফরাসি টিভি উপস্থাপক সিরিল হানুনা। ড৯ চ্যানেলের এই উপস্থাপক প্যারিস সেন্ট জার্মেইয়ের সমর্থক হিসেবেও পরিচিত। তাঁর দাবি, চোটের সমস্যা ও শারীরিক প্রস্তুতি পুরোপুরি না থাকায় এমবাপ্পে ইতালির বিপক্ষে খেলতে আগ্রহী ছিলেন না। নেশনস লিগের ম্যাচটিকে খুব গুরুত্বপূর্ণ মনে না করায় তাঁর মধ্যে অনীহা ছিল বলেও দাবি করেন হানুনা।
নিজের অনুষ্ঠান ‘তু বো, তু নুফ’-এ হানুনা বলেন, এমবাপ্পে নাকি অহংকারী তারকার মতো আচরণ করেছিলেন। চোটের সংখ্যা বেশি হওয়ায় খেলতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন তিনি। এর জবাবে জিদান তাঁকে বলেন, তাহলে এই ম্যাচে খেলতে হবে না, তিনি দলের বাইরে থাকবেন।
হানুনার দাবি, এমবাপ্পে এসব কথা অস্বীকার করতে পারেন, তবে তাঁর কাছে ভেতরের নির্ভরযোগ্য তথ্য রয়েছে। তাঁর ভাষ্য, আগের কোচ দিদিয়ের দেশমের সময়েও এমবাপ্পের সঙ্গে কিছু বিষয়ে মতবিরোধ হয়েছিল। তবে দেশম সেসব এড়িয়ে যেতেন। জিদান এ ধরনের আচরণ মেনে নিতে চান না। এমবাপ্পের সঙ্গে সতীর্থদের সম্পর্ক এবং কোচের সঙ্গে তাঁর বোঝাপড়াও ভালো যাচ্ছে না বলে দাবি করেন এই উপস্থাপক।
হানুনা আরও বলেন, জিদান এমবাপ্পেকে ইতালির বিপক্ষে না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন। তবে আচরণ ঠিক রাখলে রোববার তুরস্কের বিপক্ষে তাঁকে খেলানোর সুযোগ রয়েছে বলেও নাকি জানিয়েছেন ফ্রান্স কোচ।
এদিকে মাঠের বাইরের এই আলোচনা ফ্রান্সের নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে। ১২ নভেম্বর মিলানের সান সিরোতে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। গ্রুপের শীর্ষ দুই দলের এই লড়াইয়ে জিতলে শেষ আটে জায়গা নিশ্চিত করবে জিদানের দল।
চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। ইতালির পয়েন্ট ৭, বেলজিয়ামের ৬। তুরস্ক এখনও কোনো পয়েন্ট পায়নি। গ্রুপের প্রথম লেগে ফ্রান্স ও ইতালির ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। সেই ম্যাচে লুকাস দা কুনহার ভুলে সমতা ফেরানোর সুযোগ পায় ইতালি।
ইতালির বিপক্ষে ড্র করলেও ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত হবে। ফলে শেষ ম্যাচের আগে জটিল হিসাবের মধ্যে পড়তে হবে না দলটিকে। গ্রুপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে রয়েছে ইতালি ও বেলজিয়াম। আগামী ১৫ নভেম্বর ব্রাসেলসে মুখোমুখি হবে দল দুটি।