মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: November 10, 2026
November 10, 2026
জাতীয়
জাতীয়

শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যু করার আইনগত সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

Published: November 10, 2026 at 12:28 PM
শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যু  করার আইনগত সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যু করার আইনগত কোনো সুযোগ নেই। দেশে আসতে চাইলে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে আসতে হবে বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রথমেই শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ এর আর্টিকেল ৬-এ বলা হয়েছে যে, কোনো আসামি যদি দণ্ডিত হন এবং যখন তিনি পাসপোর্ট চাচ্ছেন তার থেকে পাঁচ বছরের মধ্যে যদি তিনি দণ্ডপ্রাপ্ত হন ও সেই দণ্ডের পরিমাণ যদি সর্বনিম্ন দুই বছর পর্যন্ত হয় তাহলে পাসপোর্ট অথরিটি তার বরাবরে কোনো পাসপোর্ট ইস্যু করবেন না। একইভাবে আর্টিকেল ৭-এ বলা হয়েছে যে, কোনো ব্যক্তি যদি কোনো মোরাল টারপিটিউডের কারণে দণ্ডিত হন তাহলে তার পাসপোর্ট জব্দ করা অথবা রিমুভ করা যেতে পারে।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কর্তৃক মানবতাবিরোধ অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এই মানবতাবিরোধী অপরাধকে মোরাল টারপিটিউড বলা হয়। সঙ্গত কারণে বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছেন এবং আইন অনুযায়ী অথরিটির কোনো এখতিয়ার নাই কোনো দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট ইস্যু করার।

সাংবিধানিক দিক তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, একজন সাধারণ নাগরিকের বাংলাদেশ থেকে বাইরে যাওয়ার অধিকার আছে। বাংলাদেশের বাইরের কোনো রাষ্ট্র থেকে দেশে প্রবেশের অধিকার আছে। আমাদের সংবিধান নাগরিককে সে অধিকার দিয়েছে। কিন্তু সংবিধানের এই অধিকার কখনোই কোনো দণ্ডিত ব্যক্তি বা পলাতক ব্যক্তির বেলায় প্রযোজ্য নয়। যেখানে শেখ হাসিনা দণ্ডপ্রাপ্তির আগে থেকেই পলাতক জীবনযাপন করছেন। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে ও আনুষাঙ্গিক অন্যান্য কার্যক্রম গৃহীত হয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তার মামলাগুলো মোকাবিলা করার জন্য, কিন্তু তিনি তা এড়িয়ে গেছেন।

চিফ প্রসিকিউটর আরো বলেন, শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তার বিরুদ্ধে বিচারাধীন মামলা অ্যাভয়েড করেছেন। রায় প্রকাশিত হওয়ার পরে তিনি কোনো আপিল ফাইল করেন নাই। তার আপিল দায়েরের আর কোনো আইনগত সুযোগ নাই। তাহলে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশ সরকার কি করে পাসপোর্ট ইস্যু করবে? একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্রের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে যদি পাসপোর্ট ইস্যু করে কিংবা ট্রাভেল পাস ইস্যু করে তাহলে তো বিচারের সঙ্গে মকারি করার শামিল হবে। আইন পরিষ্কার করে বলেই দিয়েছে যে, মিনিমাম টু ইয়ার্স সাজা হলেই তাকে আর পাসপোর্ট দেওয়া যাবে না। অতএব, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যু করার আইনগত কোনো সুযোগ নেই।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, শেখ হাসিনার অ্যাপ্রোচের প্রেক্ষিতে মানবিক কারণে তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে। শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চান তাহলে আমার মনে হয় সেটি ভারত সরকারকেই লিখিতভাবে তার (শেখ হাসিনাকে) বলতে হবে। কিন্তু আজ পর্যন্ত তিনি ভারত সরকারের কাছে লিখিতভাবে কিছু বলেছেন বলে আমাদের জানা নাই। আমাদের কাছে সন্দেহ হচ্ছে কিংবা আমাদের এটি বলতে দ্বিধা নাই যে, শেখ হাসিনার কখনোই সত্যিকার অর্থে বাংলাদেশে আসার কোনো সদিচ্ছা নাই। যদি তার বাংলাদেশে আসার সদিচ্ছা থাকত তাহলে তিনি মামলা চলমান অবস্থায় এসে মামলা মোকাবিলা করতেন। রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে বাংলাদেশে এসে আপিল ফাইল করতেন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে না এবং আইনগতভাবে তার আসার কোনো সুযোগ নাই। যদি আসেতে চান তাহলে সেটা প্রত্যর্পণ চুক্তির আওতায় আসতে হবে। তার আসা নিয়ে এখন যেসব তৎপরতা এটা তার রাজনৈতিক স্ট্যান্টবাজি।

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ২০২৫ সালের ১৭ নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের দেয়া রায়ে এই মামলায় আসামি থেকে ‘রাজসাক্ষী’ হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।

ঐতিহাসিক এই রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশের পাশাপাশি শহীদদের পরিবারকে এবং আহতদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।