মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: November 10, 2026
November 10, 2026
জাতীয়
জাতীয়

নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে বাজার মনিটরিং জোরদার করা হচ্ছে : সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা

Published: November 10, 2026 at 12:26 PM
নির্ধারিত দামে এলপি গ্যাস  বিক্রিতে বাজার মনিটরিং জোরদার করা হচ্ছে : সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা

এলপিজি বা বাসাবাড়ির সিলিন্ডার গ্যাসের সরকার নির্ধারিত দাম বজায় রাখা এবং খোলাবাজারে মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজার মনিটরিং ও নজরদারি আরো জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সরকার যে দাম নির্ধারণ করে দেয়, অনেক সময় তার চেয়ে বেশি দামে বাজারে পণ্য বিক্রির প্রবণতা দেখা যায়।

তিনি বলেন, এ ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে জ্বালানির অনিশ্চয়তা ও সরবরাহজনিত কিছু ঘাটতি যেমন থাকে, তেমনি স্পেকুলেশন বা সুযোগসন্ধানী মনোভাবও কাজ করে। তবে নির্ধারিত দামে যেন ভোক্তা এলপি গ্যাস পায়, সে জন্য জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং তা আরো জোরদার করা হবে।

তথ্য উপদেষ্টা জানান, সরকার বাজারে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেয়ার চেয়ে বাফার স্টক (জরুরি মজুত) বৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে, যাতে কৃত্রিম সংকট তৈরি হতে না পারে।

ভারতে পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ফরমাল চ্যানেলে একাধিকবার চাওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি (শেখ হাসিনা) কেবল অভিযুক্ত নন, বরং দণ্ডপ্রাপ্ত (কনভিক্টেড) অপরাধী। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে সংবিধান অনুযায়ী কিছু মৌলিক অধিকার স্থগিত থাকে।

এ সময় তথ্য উপদেষ্টা স্পষ্ট করে বলেন, সরকার দণ্ডপ্রাপ্ত আসামিকে এক্সট্রাডাইট (প্রত্যর্পণ) করতে চায়। আর শেখ হাসিনা নিজেও যেহেতু প্রত্যর্পণ করতে চান, তাহলে এ ক্ষেত্রে ভারত সরকারের কোনো সমস্যা থাকার কথা নয়।

শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচি ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডা. জাহেদ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি ও কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। কেউ যদি দলীয় ব্যানার ব্যবহার করে সভা বা কর্মসূচি পালনের চেষ্টা করে, তবে তা স্পষ্টতই নিষেধাজ্ঞা লঙ্ঘন এবং এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, সরকার জনগণের নিরাপত্তায় সজাগ রয়েছে এবং অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

ব্রিফিংয়কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম ও তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।