চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা মিশনের পুকুরটির পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে কোদাল চালিয়ে এ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি।
এ সময় প্রকল্পের কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা, কৃষক ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পানিশূন্য হয়ে পড়ে থাকা পুকুরটি পুনরায় খননের উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা গেছে।
বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষে “এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট” প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এতে সহযোগিতা করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)।
প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে এ প্রকল্পের আওতায় মোট ২৯টি পুকুর পুনর্খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পুকুর পুনর্খননের ফলে বর্ষার পানি সংরক্ষণ করা সম্ভব হবে, যা শুষ্ক মৌসুমে সেচ ও গৃহস্থালির কাজে ব্যবহার করা যাবে। এতে এলাকার কৃষকরা উপকৃত হবেন এবং খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে পানির সংকট কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, আমনুরা মিশনের এই পুকুরটি পুনর্খনন কাজ শেষ হলে এলাকার কৃষি, পশুপালন ও দৈনন্দিন প্রয়োজনে পানির সুবিধা বাড়বে এবং পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।