চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ (ইসি-এসবিসি) অ্যাক্টিভিটিজ অন প্রমোটিং ডেঙ্গু প্রিভেনশন অ্যান্ড এমআর ভ্যাকসিনেশন ইমপ্লিমেন্টেশন ইস্যু বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় সোমবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গণে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন— সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— রাজশাহী বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের কীটতত্ত্ব বিশেষজ্ঞ মো. আব্দুল বারী, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোসা. শামশুন নাহার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক সোমা রায়, চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দিরের সাধারণ সম্পাদক অজিত কুমার দাস। সংলাপে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন।
অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এছাড়া বাড়ির আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সংলাপে শতাধিক নারী পুরুষসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পরে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়।