বুধবার ০৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 07, 2026
October 07, 2026
খেলাধুলা
খেলাধুলা

ডারবান টেস্ট থেকে ছিটকে গেলেন ক্যামেরন গ্রিন

Published: October 07, 2026 at 12:27 PM
ডারবান টেস্ট থেকে ছিটকে গেলেন ক্যামেরন গ্রিন

ডারবানে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। প্রথম ম্যাচের আগেই বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তলপেটে চোট পাওয়া অলরাউন্ডার ক্যামেরন গ্রিন প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন। গ্রিন আপাতত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন। মেডিকেল দলের আশা, সিরিজের শেষ দুই টেস্টের কোনো একটিতে তাকে পাওয়া যেতে পারে। তবে ফিরলেও শুধু ব্যাটার হিসেবে খেলবেন তিনি। বোলিংয়ে ফেরার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তিনি বলেন, ‘সবকিছু বিবেচনায় নিলে সে (ক্যামেরন গ্রিন) বেশ ভালোভাবেই এগোচ্ছে। সে এখনও এখানে রয়েছে একটি কারণেই। সিরিজের শেষ দিকে তার খেলার কিছুটা সম্ভাবনা হলেও রয়েছে। এখন তাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এই সপ্তাহটা তার জন্য বেশ কঠিন হবে। কিছু কাজে ধীরে ধীরে ফিরছে সে। নেট অনুশীলনে এবং মধ্যাহ্নভোজের সময়, ম্যাচের আশপাশের বিভিন্ন কার্যক্রমে সেসবের কিছুটা দেখা যাবে। বিষয়টি এখনও কিছুটা অনিশ্চিত, তবে আমরা আশাবাদী যে সিরিজের কোনো এক পর্যায়ে সে খেলতে পারবে।’

গ্রিনের বোলিংয়ে ফেরার বিষয়ে ম্যাকডোনাল্ড বলেন, ‘এর সম্ভাবনা খুবই কম। কাঁধের চোটের কারণে সে বেশ কিছুদিন বোলিং থেকে দূরে ছিল। আমরা তাকে একজন ব্যাটার হিসেবে ফেরানোর দিকেই পুরোপুরি মনোযোগ দেব। বোলার হিসেবে ফেরার জন্য তার ওপর সেই চাপটা আমরা দিতে চাইব না। আমার কাছে থাকা তথ্য অনুযায়ী, ব্যাপারটা অনেক বড় ঝুঁকি হয়ে যাবে।’ গ্রিনের অনুপস্থিতিতে বিউ ওয়েবস্টারকে বিকল্প হিসেবে দেখছে অস্ট্রেলিয়া। ম্যাকডোনাল্ড বলেন, ‘ক্যামের (ক্যামেরন গ্রিন) ক্ষেত্রে আমাদের মনে হয়েছিল, তখনই ছিল তার ঘুরে দাঁড়ানোর মুহূর্ত। এখন তাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তবে সে মানসম্পন্ন একজন খেলোয়াড়। বল হাতে সে আমাদের যে বাড়তি নমনীয়তা দেয়, সেদিকেও আমরা তাকিয়ে ছিলাম। প্রয়োজন হলে বিউ ওয়েবস্টারও বল হাতে প্রায় একই ধরনের ভূমিকা পালন করতে পারে।’ এদিকে ক্যান্সার জয় করে অস্ট্রেলিয়া দলে ফেরা নিক ম্যাডিনসনকেও নিয়ে আশাবাদী কোচ। তিনি বলেন, ‘তবে একটি বিষয় বিবেচনায় নিলে তাকে দলে ফেরায় অবাক হওয়াটা স্বাভাবিক, একটা সময় তাকে নিজের শারীরিক সমস্যা নিয়ে লড়াই করতে হয়েছে। কিন্তু কী দারুণ গল্প!

সে ফিরে এসেছে, পুরো প্রাক-মৌসুম প্রস্তুতি নিয়েছে, এখন তাকে ফিট ও শক্তিশালী দেখাচ্ছে এবং প্রথম ওয়ানডেতেই ১০০ রান করেছে। যে খেলোয়াড়রা একবার নির্বাচকদের নজরে থাকে বা কাছাকাছি থাকে, তারা হুট করে সেই তালিকা থেকে বাদ পড়ে যায় না।’ ম্যাকডোনাল্ড আরও বলেন, ‘আমি জানি, স্বাস্থ্যগত সমস্যার আগে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছিল। কিন্তু তার আগের পারফরম্যান্স দেখলে সে একজন কোয়ালিটি খেলোয়াড়। সে ইনিংসের শুরুতে ব্যাট করতে পারে, আবার মাঝেও ব্যাট করতে পারে। আমরা স্পিনের বিপক্ষে চ্যালেঞ্জের মুখে পড়ব এবং অতীতে উপমহাদেশে যে সফরগুলো করেছি, সেসব সফরের জন্যও সে আমাদের ভাবনায় ভালোভাবেই ছিল।’ আগামীকাল ডারবানে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় মাঠে গড়াবে খেলা।