চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে ৫৯ বিজিবি। অভিযানে ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ, ৫টি বেনারসি শাড়ি ও ১৩৫টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
বৃহস্পতিবার ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ৫৯ বিজিবি শিবগঞ্জ এবং ভোলাহাট সীমান্তে পৃথক দুটি অভিযান চালায়। এর মধ্যে গত বুধবার রাত পৌনে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযান চালানো হয়। ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহলদল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর কলেজের সামনে এ অভিযান চালানো হয়। অভিযানে টহলদল মালিকবিহীন অবস্থায় ভারতীয় একটি ট্রাক (রেজিস্ট্রেশন নম্বরবিহীন) তল্লাশি করে ট্রাকে পাথরের মধ্যে লুকিয়ে রাখা ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও ৫টি বেনারসি শাড়িসহ ট্রাকটি জব্দ করে।
অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় ভোলাহাট উপজেলার খড়কপুর বিওপির বিশেষ টহল দল আলীমোড় গ্রামে অভিযান চালায়। অভিযানে ১৩৫টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন সেট জব্দ করা হয়। সেই সঙ্গে একটি ইজিবাইক জব্দ করা হয়।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।