সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 14, 2026
September 14, 2026
খেলাধুলা
খেলাধুলা

তোরেসের একমাত্র গোলে জয় পেলো পিএসজি

Published: September 14, 2026 at 12:54 PM
তোরেসের একমাত্র গোলে জয় পেলো পিএসজি

লিগ ওয়ান মৌসুমের প্রথম জয় পেল প্যারিস সেন্ট জার্মেই। চতুর্থ ম্যাচে স্তাদে ফ্রান্সিস-লে ব্লেতে তারা ব্রেস্তকে ১-০ গোলে হারিয়েছে। স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে ৬-১ গোলে চ্যাম্পিয়নস লিগে বড় জয়ে পিএসজি ছিল আত্মবিশ্বাসের তুঙ্গে। লুইস এনরিক তার আক্রমণভাগ নতুন করে সাজিয়ে লিগেও সুফল পেলেন। সেন্টারে ফেরান তোরেসের পাশে উসমান দেম্বেলে ও কভিচা কভারাতস্খেলিয়াকে নামান তিনি। দ্রুতই গোল পেয়ে যায় পিএসজি। পঞ্চম মিনিটে ব্রেস্তের জাল কাঁপান তোরেস। জোয়াও নেভেসের কাছ থেকে বল পেয়ে দেম্বেলে ফ্লিক করেন। ২০ মিটার দূর থেকে বল পেয়েই লক্ষ্যভেদ করেন তোরেস।

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয়সূচক গোল করা এই তারকা গড়ে দেন পার্থক্য। দ্বিতীয় গোলের জন্য প্যারিস চাপ দিতে থাকে। কিন্তু ব্রেস্ত গোলকিপার সিলভিচ দাঁড়িয়ে যান দেম্বেলে ও কভারাতস্খেলিয়ার সামনে। ২৩তম মিনিটে জর্জিয়ানের বাঁকানো শট দারুণভাবে রুখে দেন তিনি। বিরতির আগে ব্রেস্ত সমতা ফেরাতে মরিয়া ছিল। এমবোপের একটি শট পিএসজি খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে চলে যায় মাঠের বাইরে। এরপরই প্যারিসের জন্য বড় ধাক্কা হয়ে আসে আশরাফ হাকিমির ইনজুরি। ৩৯তম মিনিটে চোট পান তিনি। বিরতির পর ব্রেস্ত ভিন্নরূপে হাজির হয়। ৫০তম মিনিটে তারা সমতা ফিরিয়েই ফেলেছিল। দোম্বিয়ার একটি শট সাফোনোভের পোস্টে লাগে। প্যারিসের ব্যাক লাইন চাপে পড়ে যায়। দুই মিনিট পর ব্রেস্তের একটি গোল বাতিল হয় ফাউলের কারণে।

৫৭তম মিনিটে পিএসজি কিপার সাফোনোভ আবারও ত্রাতা হন। দোম্বিয়ার একিট হেড নস্যাৎ করে দেন। ৬৯তম মিনিটে জোয়াও নেভেসের হেড ব্রেস্ত কিপার ফিরিয়ে দিলে দ্বিতীয় গোলের সুযোগ হারায় পিএসজি। দুই মিনিট পর দূরের পোস্টে চমৎকারভাবে আরেকটি প্রচেষ্টা নষ্ট করে দেন সিলভিচ। ৮৮তম মিনিটে এম্বোপের সমতাসূচক গোলের সুযোগ আবারও রুখে দেন সাফোনোভ। তাতে ব্রেস্ত চলতি মৌসুমে প্রথম হার দেখে। ৪ ম্যাচে প্রথম জয় পাওয়া পিএসজি দুই ড্র ও এক হার নিয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে।