সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 14, 2026
September 14, 2026
খেলাধুলা
খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণা দিলো জিম্বাবুয়ে

Published: September 14, 2026 at 12:52 PM
অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণা দিলো জিম্বাবুয়ে

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলের নেতৃত্বে আছেন সিকান্দার রাজা। চোটের কারণে নিয়মিত অধিনায়ক রিচার্ড এনগারাভাকে পাচ্ছে না জিম্বাবুয়ে। সর্বশেষ নামিবিয়ার বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না রিচার্ড এনগারাভা। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, এনগারাভার চোট তাকে আরও দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে দিতে পারে। অস্ট্রেলিয়া সিরিজ শেষে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান এবং বাংলাদেশের সাথে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার কথা রয়েছে জিম্বাবুয়ের। সেখানেও অনিশ্চিত এনগারাভা। এনগারাভা না থাকায় পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন ব্লেসিং মুজারাবানি। সাথে আছেন অলরাউন্ডার ব্র্যাড ইভান্স এবং পেসার নিউম্যান নিয়ামহুরি। আরেক পেসার তানাকা চিভাঙ্গাও চোটের কারণে দলে নেই। অভিজ্ঞ জিম্বাবুইয়ান ব্যাটার ব্রেন্ডন টেইলরকে স্কোয়াডে রাখা হয়েছে। উইকেটরক্ষকের দায়িত্বটা তাদিওয়ানাশে মারুমানির সাথে ভাগাভাগি করবেন টেইলর। সর্বশেষ ২০২৫ সালের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেছেন টেইলর। মাঝের এক বছরে খেলা হয়নি ওয়ানডে। তিনি ফেরায় দলে জায়গা হয়নি ক্লিভ মাদান্দের। টেইলরের সাথে মিডল অর্ডারে থাকবেন ক্রেইগ আরভিনও। এছাড়া ২০১৮ সালের পর প্রথম ওয়ানডে খেলার অপেক্ষায় আছেন লেগ স্পিনার গ্রায়েম ক্রিমার। আজ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে। সবগুলো ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াড-

সিকান্দার রাজা (অধিনায়ক), বেন কারান, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভানস, ব্রেন্ডন টেইলর, ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন, আরনেস্ট মাসুকু, গ্রায়েম ক্রেমার, ইনোসেন্ট কাইয়া, নিউম্যান নিয়ামহুরি, রায়ান বার্ল, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ওয়েসলি মাধেভেরে।