চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৪৪ বোতল ভারতীয় মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন এই তথ্য জানিয়েছে।
বিজিবি আরো জানায়, রবিবার ভোর ৫টার দিকে ৫৩ বিজিবির অধীনস্থ ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন ৪৪ বোতল ভারতীয় মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ করে। জব্দকৃত মদের আনুমানিক দাম ৬৬ হাজার টাকা ও ফেনসিডিলের ১১ হাজার টাকা হবে। জব্দকৃত মদ ও ফেনসিডিল শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসে ৫৩ বিজিবি বিভিন্ন অভিযানে ভারতীয় ১৮৮ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৯ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ, ২৮ বোতল ফেনসিডিল ও ৬৫ বোতল মদ জব্দ করে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করছে।