চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ও আলাতুলি এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর ও দুর্লভপুর ইউনিয়নের বন্যা কবলিত ২ হাজার ৯শ পরিবারে মধ্যে ১০ কেজি করে সরকারি চাল বিতরণ শুরু করা হয়েছে।
শুক্রবার পাঁকা ইউনিয়নে এই চাল বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। অপরদিকে সদর উপজেলার নারায়নপুর ও আলাতুলি ইউনিয়নেও চাল বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী এই তথ্য নিশ্চিত করে বলেন-সদর উপজেলার নারায়নপুর ও আলাতুলি ইউনিয়নের ১ হাজার ৮শ পরিবার এবং শিবগঞ্জ উপজেলার ১ হাজার ১শ পরিবার পানিবন্দি হয়েছেন। এজন্য জরুরি ত্রাণ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলায় ১৮ মেট্রিক টন ও শিবগঞ্জ উপজেলায় ১১ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। শুক্রবার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পাঁকা ইউনিয়নে এই চাল বিতরণ করেছেন।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীণূর আলম জানান, আলাতুলি ও নারায়নপুর ইউনিয়নের পানিবন্দি মানুষের মধ্যে চাল বিতরণ শুরু হয়েছে।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানূর রহমান জানান, শুক্রবার পাঁকা ইউনিয়নে ৪৬৬ পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। আগামীকাল (আজ) শনিবার
দুর্লভপুর ও উজিরপুর ইউনিয়নে বিতরণ করা হবে। এছাড়া পাঁকা ইউনিয়নে আবার বিতরণ করা হবে।