চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসিপাড়ায় অভিযান চালিয়েছে মাদকবিরোধী টাস্কফোর্স। এছাড়া মানববন্ধন, আলোচনা সভাসহ সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়। এই সময় মাদক কারবারিদের মাদক পরিহার করে স্বাভাবিক জীবনে ফেরার জন্য ১৫ দিনের সময় দেয়া হয়।
সোমবার ভোর ৫টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে চালানো অভিযানে পুলিশ, র্যাব ও কাস্টমসের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
চৌধুরী ইমরুল হাসান জানান, অভিযানকালে কেডিসিপাড়ার রেখা আক্তার (৬৪) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০ গ্রাম হোরোইন, ১০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া রেখা আক্তার কেডিসিপাড়ার মৃত হাফিজ মিয়ার স্ত্রী। আটককৃত রেখা আক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরো জানান, অভিযান শেষে স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় জনগণ মাদক নির্মূলে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা এবং মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে শক্ত অবস্থান গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান তার বক্তব্যে জানান, কেডিসিপাড়ার মাদক ব্যবসায়ীদের মাদক পরিহার করে স্বাভাবিক জীবনে ফেরার জন্য ১৫ দিনের সময় দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা মাদক ব্যবসা পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে না এলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কেডিসিপাড়ায় কোনো মাদক ব্যবসায়ীর অস্তিত্ব থাকতে দেয়া হবে না। শুধু কেডিসিপাড়া নয়, গোমস্তাপুর উপজেলায় মাদকের অস্তিত্ব থাকবে না।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান মাদক নিয়ন্ত্রণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানান। তিনি মাদক ব্যবসা ও মাদকসংক্রান্ত যে কোনো তথ্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রদান করে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।