চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি নেই। প্রতিদিন হাসপাতালগুলোয় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জায়গা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হওয়ায় ২৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং বতর্মানে হাসপাতালগুলোয় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে ৩৯ জন পুরুষ ও ১৬ জন নারীসহ ৫৫ জনকে জেলা হাসপাতালে, ২ জন পুরুষ রোগীকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১ জন পুরুষ রোগীকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২ জন পুরুষ রোগীকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ায় জেলা হাসপাতাল থেকে ১৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৫ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৫ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। একই সময়ে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ১ শিশুসহ ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফলে বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৭৮ জন পুরুষ ও ৬২ জন নারীসহ ১৪০ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন পুরুষ ও ১ জন নারীসহ ১১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন পুরুষ ও ২ জন নারীসহ ১১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ রোগী ভর্তি রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে শনিবার এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ২ হাজার ৬১১ জন, শিবগঞ্জে ১৬৫ জন, গোমস্তাপুরে ১২৯ জন, নাচোলে ৮১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯৪ জনসহ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৮০ জন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ১ হাজার ৯৬০ জন সাধারণ ডেঙ্গু রোগী। জেলা হাসপাতাল থেকে একই সমেয় ১৭০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।