চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১টি মোটরসাইকেলসহ ৭৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ ৫৩ বিজিবি। শুক্রবার ভোরে এ অভিযান চালানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, শুক্রবার ভোর ৬টার দিকে মনাকষা বিওপি'র একটি বিশেষ টহলদল জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ১টি মোটরসাইকেলসহ ৭৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
তিনি আরো জানান, গত আগস্ট মাসে ৫৩ বিজিবি বিভিন্ন অভিযানে ভারতীয় ৫২২ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ১১৫ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ, ৩০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান আরো বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করছে।