চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে সোহান আলী নামে হাউসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার উজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া সোহান শিবগঞ্জ উপজেলার উজিরপুর সাত্তার মোড় এলাকার খাড়োগ্রামের সেলিম রেজার ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীর সাত্তার মোড় বালুর ঘাটে গোসল করতে নামে সোহান। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীর গভীরে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। ১৫-২০ মিনিট পরে তাকে উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, এর আগে গত শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা দেবীনগর ইউনিয়নের চরচাকলা এলাকায় পদ্মার একটি মরা শাখায় গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।