নাইটক্লাবে মারামারি করে অভিযুক্ত ইংলিশ পেসার ব্রাইডন কার্স। গত রোববারই তার মারামারির ঘটনা প্রকাশ্যে এসেছিল। যে কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে তাকে বাদই দিয়ে দিল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে নেওয়া হয়েছে নতুন ক্রিকেটারকে। নাইটক্লাবে মারামারির অভিযোগে সম্প্রতি একের পর এক ক্রিকেটার অভিযুক্ত হচ্ছেন। সে তালিকায় নতুন নাম পেসার ব্রাইডন কার্স। গত শনিবার রাতে ডার্বির একটি পানশালার বাইরে হাতকড়া পরা অবস্থায় কার্সকে দেখা যায়। পরে মারামারির বিষয়টি প্রকাশ্যে আসে। গত সোমবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘ক্রিকেট রেগুলেটর’ নামে এক সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে গত শনিবার রাতে ডার্বির ওই ঘটনা নিয়ে তদন্ত করার। ইসিবি জানিয়েছে, যে হেতু বিষয়টি তদন্তাধীন এবং পূর্ণাঙ্গ তথ্য এখনও মেলেনি, তাই দ্বিতীয় টেস্ট থেকে কার্সকে বাদ দেওয়া হচ্ছে। তার জায়গায় নেওয়া হয়েছে সনি বেকারকে। উল্লেখ্য, ‘ক্রিকেট রেগুলেটর’ একটি স্বাধীন সংস্থা।
কেউ ইসিবি’র নিয়ম ভাঙলে তারা স্বাধীনভাবে তদন্ত করে। দোষী প্রমাণিত হলে কড়া শাস্তি দেওয়া হতে পারে। অধিনায়ক হওয়ার পর জো রুট ক্রিকেটারদের উপর জারি করা ‘নাইট কার্ফু’ তুলে দিয়েছিলেন। তার পরেই প্রকাশ্যে এসেছে এই ঘটনা। ফলে আরও একবার প্রশ্ন উঠেছে ইংল্যান্ডের ক্রিকেটারদের আচরণ নিয়ে। বিশেষ করে ক্রিকেটারদের মাত্রাতিরিক্ত মদ্যপান এবং বিশৃঙ্খল আচরণ বার বার প্রশ্নের মুখে পড়েছে। প্রসঙ্গত, গত শনিবার রাতে নাইটক্লাবে মারামারি করেন কার্স। সমাজমাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, পুলিশ কার্সকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে। যদিও জানা যায়, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কাউন্টি প্রতিযোগিতায় ডার্বিশায়ারের বিরুদ্ধে ডারহামের জয় উদ্যাপন করতে ওই পানশালায় গিয়েছিলেন কার্স। সঙ্গে স্টোকস ছাড়াও ছিলেন ম্যাট পটস।
সেখানেই এই ঘটনা ঘটে। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের দলে নেওয়া হয়েছিল কার্সকে। সেই দল থেকে বাদ পড়লেন তিনি। এর আগে লর্ডসে নিউজিল্যান্ডকে হারিয়ে নাইটক্লাবে হাতাহাতিতে জড়িয়েছিসেন বেন স্টোকস ও গাস অ্যাটকিনসন। তার পরেই হঠাৎ অবসর নেন স্টোকস। অনেকে বলেন, এই ঘটনার জন্যই তাকে অবসর নিতে বাধ্য করা হয়েছে। স্টোকসের পদত্যাগের পর ইংল্যান্ড অধিনায়ক করে রুটকে। তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, দেশের হয়ে খেলতে গেলে এই ধরনের ঘটনা ঘটালে হবে না। ভাবমূর্তি স্বচ্ছ রাখতে হবে। তার পরেও কার্সের ঘটনা প্রমাণ করে দিল, ইংল্যান্ডের ক্রিকেট একই জায়গায় রয়েছে।