মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 15, 2026
August 24, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে রুমনকে জীবিত ফেরতের দাবি : মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ পরিবারসহ এলাকাবাসীর

Published: August 24, 2026 at 02:45 PM
শিবগঞ্জে রুমনকে জীবিত ফেরতের দাবি : মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ পরিবারসহ এলাকাবাসীর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বামী রুমন আলি এবং ব্যাটারিচালিত অটোরিকশা ফেরতের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নামলেন স্ত্রী নাসিমা সুলতানাসহ এলাকাবাসী। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাইলিং মোড়ে মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা। বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী লাঠি হাতে রাস্তায় নামে।

‘স্থানীয় এলাকাবাসী’র ব্যানারে বৃষ্টি উপেক্ষা করেই শিবগঞ্জ পৌর এলাকার পাইলিং মোড়ে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করে নিখোঁজ রুমনের পরিবার, স্বজন ও স্থানীয়রা। এক বছর বয়সী রায়হান মায়ের কোলে বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। আর রোহান দাদীর কোলে বসে পিতাকে ফিরে পাবার জন্য ভাঙা ভাঙা কণ্ঠে স্লোগান দিচ্ছে। 

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাইলিং মোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন হওয়ায় উভয় পাশে ২ শতাধিক পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। ঘণ্টাখানেক পর সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ন্যায়বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা রাস্তা ছেড়ে যায়।

এর আগে রবিবার সকালে নিখোঁজ রুমনের স্ত্রী নাসিমা সুলতানা (২২) বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ অটোরিকশাটি উদ্ধার এবং ৩ জনকে গ্রেপ্তার করে।

নিখোঁজ রুমনের স্ত্রী নাসিমা সুলতানার দাবি, ২১ আগস্ট সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হবার পর আর বাড়ি ফেরেনি রুমন। ৪ দিন ধরে নিখোঁজ থাকলেও স্বামী বাড়ি না ফেরায় শ্বশুর-শাশুড়ি, স্বজন ও এলাকাবাসীদের নিয়ে রাস্তায় নামেন তিনি। স্বামীকে জীবিত ফেরত চান তিনি। সেইসঙ্গে তাদের পরিবারের একমাত্র উর্পাজনের অটোরিকশাটিও ফেরত চান। আর চান দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় রবিবার মামলা দায়েরের সাথে সাথেই পুলিশ তদন্ত শুরু করে। এ ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত অসীমসহ এজাহারনামীয় ৩ জনকে গ্রেপ্তার এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের জিঞ্জাসাবাদ করা হচ্ছে। গোয়েন্দা বিভাগসহ সব বিভাগ নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তারপরও এ ধরনের রাস্তা অবরোধ করে মানববন্ধন দুঃখজনক। তাদের ভূল বুঝিযে রাস্তায় নামানো হলেও পরে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে।