চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী (২০) নামে এক যুবককে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পাখি শিকার করবেন না- মর্মে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।
রবিবার দুপুর ২টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের একটি ভুট্টাক্ষেতে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে টিয়াপাখিসহ মিনার আলীকে আটক করা হয়।
আটক মিনার আলী দুলভপুর ইউনিয়নের ১৫ রশিয়া গ্রামের মো. হাবিল আলীর ছেলে।
পরে উদ্ধার করা টিয়াপাখিগুলো শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।
অবমুক্তকরণের সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার ও ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী রক্ষা করা জরুরি। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে।
প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় পাখি শিকার থেকে বিরত থাকার আহ্বান জানান ইউএনও।